[ রা জ নী তি ]

ক্ষমতার সীমা-পরিসীমা

আপডেট : ৩১ মে ২০১৩, ২১:৪০
ক্ষমতার ইংরেজি প্রতিশব্দ ‘পাওয়ার’। পাশ্চাত্য উত্তরাধিকারের কারণে আর সব অভিধার মত আমাদেরও ‘পাওয়ার’ এর তাত্পর্য বুঝতে হলে সেদিকেই তাকাতে হবে। ‘পাওয়ার’ শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ‘পটেরী’ (potere) থেকে। পটেরী অর্থ সক্ষম হওয়া (to be able)| পটেরী শব্দ দ্বারা সাধারণত: দক্ষতা, সম্পদ অথবা উপায় উপকরণ বোঝানো হতো। ভাষাবিদরা বলছেন পটেরী বা পাওয়ার বা ক্ষমতা শব্দটির সাথে কর্তৃত্ব, প্রভুত্ব, আধিপত্যের স্পষ্ট সংশ্লিষ্টতা রয়েছে। পরবর্তীকালে Dominium শব্দটিও ল্যাটিন ভাষায় পটেরী শব্দের সাথে একই অর্থে ব্যবহূত হয়ে আসছে। প্রাচীন Dominium বা প্রধান্য শব্দটি পিতৃতান্ত্রিক বা পরিবার প্রধানকে বোঝাতো। এক সময়ে রাজা রাজ্য সাম্রাজ্য পর্যন্ত এর বিস্তৃতি ঘটে। পাওয়ার এবং ডমাইন এর সাথে ইংরেজি শব্দ Authority এর সংযোগ ঘটে। বাংলা ভাষায় ক্ষমতার অর্থ : শক্তি, সামর্থ্য, জোর, বল, কর্মশক্তি, অধিকার, নিয়ন্ত্রণ, কর্তৃত্ব, প্রভুত্ব, প্রভাব, প্রতাপ ইত্যাদি। ব্যাকরণগতভাবে ক্ষমতাকে বলা যায়, “কোন ব্যক্তি বা সমষ্টিকে প্রদত্ত বা তাদের অধিগত অধিকার”। এই শব্দগুলোর উত্সমূল অনুসন্ধান এবং ব্যাখ্যা বিশ্লেষণ শুধুমাত্র ক্ষমতার সীমা পরিসীমাকে উপলব্ধি করার জন্য। ক্ষমতা বা পাওয়ার অন্য যে অর্থেই প্রয়োগ করা হোক না কেন এখানে ক্ষমতার রাজনৈতিক তাত্পর্যই ব্যাখ্যা করবো। ক্ষমতার ধারণাটি রাজনীতি অধ্যয়নে একটি তাত্পর্যপূর্ণ বিষয়। ক্ষমতার রাজা রাজ্য রাজধানী কেন্দ্রিক ইতিহাস আছে। এখন ক্ষমতার বিভাজন রেখা অঙ্কিত ভূগোল আছে। ইতিহাস আর ভূগোলের সংযোগ সমন্বয়ে রাষ্ট্রবিজ্ঞান আছে। রাষ্টবিজ্ঞানে ক্ষমতা শব্দের তাত্ত্বিকতার দুটো ভাগ: একটি ইতিবাচক অপরটি নেতিবাচক। ইতিবাচক ব্যাখ্যায় অধিগত ক্ষমতা দ্বারা নাগরিক সাধারণের সাধারণ কল্যাণ নিশ্চিত করা হয়। অপরদিকে নেতিবাচক তত্পরতার দ্বারা জনস্বার্থ নাকচ করা হয়। এই নেতিবাচক অর্থের সবচেয়ে আলোচিত বিতর্কিত দিক হচ্ছে শক্তি প্রয়োগ। রাষ্টবিজ্ঞানে শক্তি প্রয়োগের আর একটি প্রতিশব্দ আছে Coercion, যার বাংলা প্রতিশব্দ দমন বা দমন নীতির দ্বারা শাসন। এক দশক আগে মুথিয়া আলাগাপ্পা এশিয়ায় দমননীতির ধরন সম্পর্কে এক গবেষণায় দেখিয়েছিলেন কিভাবে এশিয়ার এসব ভূখণ্ডে দমনপীড়নের শাসন চলে। আজকের তথ্য ও পরিসংখ্যান বলছে সে অবস্থার কোন পরিবর্তন ঘটেনি। ক্ষমতা রাজনীতির কেন্দ্রবিন্দু। ক্ষমতা, প্রাধান্য এবং কর্তৃপক্ষ কখনও কখনও একে অপরের প্রতিশব্দ হিসেবে ব্যবহূত হয়। ক্ষমতা ব্যতীত রাষ্ট্রীয় বিধি-ব্যবস্থা পরিচালিত হতে পারে না। ক্ষমতার বিন্যাসকে সমাজতাত্ত্বিকরা শাসক ও শাসিত এ উভয় প্রেক্ষিতেই উপস্থাপন করেছেন। শাসক ক্ষমতাকে তিন ভাবে প্রয়োগ করে। ১. বল প্রয়োগের মাধ্যমে ২. সম্মতির ভিত্তিতে ৩. সাংগঠনিকভাবে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মানেই সম্মতির ভিত্তিতে শাসন। এই শাসন ব্যবস্থা পরিচালনার সংগঠন বা দল ব্যবস্থা জনগণ এবং শাসকের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করে। বল প্রয়োগ বা দমনের মাধ্যমে শাসন হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট, বিপজ্জনক, অগ্রহণযোগ্য ব্যবস্থা। এর মাধ্যমে সরকার রাষ্ট্রের সেই জনগোষ্ঠীর বিরুদ্ধ ব্যবস্থা নেয় যাদের তারা দমন করতে চায়। (Coercion is the use of threat of severe sanctions by some people against others whose will, the power-holders seek to control, Harold D. Lasswell and Kaplan Abraham, 1950) এর মাধ্যমে ঐ জনগোষ্ঠীর অনিষ্ট সাধন করে সরকার। এ বল প্রয়োগের দুটো দিক: মনস্তাত্ত্বিক নিপীড়ন এবং বাস্তব শক্তি প্রয়োগ। শক্তি প্রয়োগের আর এক নাম ভায়োলেন্স। এর বাংলা ভাল প্রতিশব্দ সহিংসতা। রাষ্ট্রই একমাত্র অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, বোমাবিমান ইত্যাদির বৈধ হকদার। ব্যক্তি বা গোষ্ঠী বৈধভাবে, আইনানুগভাবে সহিংসতার অর্থাত্ অস্ত্র প্রয়োগের মালিক হতে পারে না। রাষ্ট্র অস্ত্রের একক কর্তৃত্ব ভোগ করে রাষ্ট্রের অখণ্ডতা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সে অস্ত্র জনগণের জীবন নেয়ার জন্য ব্যবহূত হতে পারে না। লর্ড জন একটন (Lord John Acton) এর একটি বহুল উচ্চারিত উক্তি: “Power tends to corrupt and absolute power corrupts absolutely” ক্ষমতার প্রবণতাই হচ্ছে দুর্নীতি গ্রস্ত করা এবং সার্বিক ক্ষমতা সার্বিকভাবেই দুর্নীতি গ্রস্ত করে। এ মন্তব্যটির মূল বক্তব্য হচ্ছে ক্ষমতা যদি হয় বাধা-বন্ধনহীন, তাহলে ক্ষমতায় অধিষ্ঠিত ব্যক্তি হয়ে উঠতে পারে স্বৈরাচারী। পৃথিবীব্যাপী প্রচলিত শাসন ব্যবস্থায় সবদেশে ক্ষমতার লাগামকে টেনে ধরার ব্যবস্থা আছে। সংসদীয় ব্যবস্থার সূতিকাগার বৃটেন থেকেই ‘সংসদীয় স্বৈরাচার’ (Cabinet Dictatorship)-এর কথা প্রচলিত হয়েছে। সেখানে সংসদীয় স্বৈরাচারকে প্রতিরোধের ব্যবস্থাও আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বেসর্বা প্রেসিডেন্টকে নিয়ন্ত্রণের জন্য সুপ্রিম কোর্ট আছে। Empeacement বা অভিশংসনের নিয়ম আছে। তৃতীয় বিশ্বের দেশগুলোতেও জবাবদিহিতার বিষয়টি গুরুত্ব অর্জন করেছে। কিন্তু যেসব দেশ উত্তরাধিকারের রাজনীতি অথবা সম্মোহনী নেতৃত্ব দ্বারা পরিচালিত হচ্ছে সেসব দেশে জবাবদিহিতা একরকম অনুপস্থিত। ক্ষমতা একটি বিশ্বাস বা আমানত। নির্বাচনী ব্যবস্থা মূলত: একটি সামাজিক চুক্তি। এর মাধ্যমে একটি রাজনৈতিক দল একটি নির্দিষ্ট সময়ের জন্য দেশকে শাসন করার সম্মতি বা অনুমোদন লাভ করে। এর অর্থ এ নয় যে জনসাধারণ তাদেরকে যথেচ্ছার এর অনুমতি দিয়েছে। তাদের ক্ষমতা ও দায়িত্ব সংবিধান দ্বারা নিয়ন্ত্রিত। বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগের ২৬ অনুচ্ছেদ থেকে ৪৭ক— পর্যন্ত নাগরিক সাধারণকে মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা দেয়া হয়েছে। ৩১ ধারায় বলা হয়েছে “..... এমন কোন ব্যবস্থা গ্রহণ করা যাইবে না, যাহাতে কোন ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ সুনাম ও সম্পত্তির হানি ঘটে।” ক্ষমতা একটি অস্ত্রের মত। এ অস্ত্র দ্বারা জীবন হরণ করা যায়। জীবন রক্ষা করা যায়। প্রাচীন গ্রীক মনীষীরা বিশ্বাস করতেন: “Knowledge is power, knowledge is virtue” কোন জ্ঞানী বা যুক্তিবাদী মানুষ ক্ষমতার অপব্যবহার করতে পারে না। ক্ষমতার বিকার গ্রস্ত ব্যক্তিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করা যায় না। এ জন্যই পরবর্তী প্রজন্মের মনীষীগণ বিশেষত: মন্টেস্কু রাষ্ট্রের শাসন, বিচার ও আইন বিভাগ-এ তিনটি বিভাগকে একে অপর থেকে পৃথক করতে বলেছেন। যা ক্ষমতা স্বতন্ত্রীকরণ (Separation of powers) বলে নাগরিক সাধারণের কাছে জ্ঞাত। এতে একই ব্যক্তি নিরঙ্কুশভাবে সকল ক্ষমতা দখল করতে পারে না। একেই বলা হয় ক্ষমতার ভারসাম্য। একক ব্যক্তি প্রধান্যে ভারসাম্য বিনষ্ট হয়ে যায়। ব্যক্তির এ স্বেচ্ছাচার থেকে মুক্তির জন্যে আধুনিক শাসন ব্যবস্থা সুশাসনের কথা বলছে। সুশাসন নিশ্চিত করার জন্য সবচেয়ে বড় শর্ত হচ্ছে জনজবাবদিহিতা (Public Accountability)। কারণ এ শাসন ব্যবস্থা জনগণ থেকে নিঃসৃত। “Government by the people of the people for the people” গণতন্ত্র হচ্ছে এ ব্যবস্থার প্রাণ পাখী। যারা যখন শাসন করবেন তারা তখন যে কোন বিষয়ে জনগণের নিকট কৈফিয়ত দিতে বাধ্য। রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন, যারা শাসিত তাদের কাছে বিধি ব্যবস্থার মাধ্যমে জবাবদিহিতার উপর সরকারের বৈধতা নির্ভর করে। (বিলনে:১৯৯৪:১৬)। এখন সর্বত্রই তারস্বরে একথা আলোচিত হচ্ছে একটি সরকার জনগণের দ্বারা নিরঙ্কুশভাবে নির্বাচিত হলেই গণতান্ত্রিক হয় না। গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন অনুশীলন, অনুকরণ এবং অনুসরণের মাধ্যমেই একটি সরকারকে গণতন্ত্রের পরীক্ষা দিতে হয়। নীতিশাস্ত্রবিদরা ক্ষমতাকে নৈতিক কাঠামোতে সীমাবদ্ধ করেছেন। ক্ষমতাকে তারা ক্ষমতার স্বার্থে, ক্ষমতার দর্পে ব্যবহার না করে সেবা, কল্যাণ ও মানবতার উদ্দেশ্যে নিবেদন করেছেন। আইন দ্বারা যদি দেশ ও সমাজ শাসিত হয় তাহলে আইনকে মেনে চলা নাগরিকের নৈতিক কর্তব্য বলে বিবেচিত হয়। কোন সরকার নৈতিকতার মানদণ্ডে প্রশ্নবিদ্ধ হলে নাগরিক সাধারণের আনুগত্য এবং সতত শ্রদ্ধা দাবি করতে পারে না। আর তাহলে নেতৃত্ব ও সরকার যদি হয় নৈতিকতা বৈরী, মেকিয়াভেলীবাদের অনুসারী তা সরকারকে আপাত: সুবিধে দিলেও প্রকারান্তরে ‘বুমেরাং’ হয়ে দাঁড়ায়। সরকার যদি গণবিরোধী, গণসংহারী হয়ে দাঁড়ায়, স্বার্থপরতা, অস্থিরতা, প্রতারণা, শঠতা, ভয়ভীতি, লোভ-লালসা, মিথ্যাচার যদি কোন সরকারের অনুসঙ্গ হয়ে দাঁড়ায়, তাহলে সে সরকার জনগণের আস্থা হারাতে বাধ্য। যে শাসক অনুরাগ অপেক্ষা ভীতি অর্জনকে কাম্য মনে করে সে তার পতনকে ত্বরান্বিত করে। একটি নৈতিক সমাজে ‘সিংহের মত সাহসী, শিয়ালের মত ধূর্ত’ হওয়ার অর্থ বিশ্বাস যোগ্যতাকে বিসর্জন দেয়া। সমাজকে কর্তৃত্ব বা কর্তৃপক্ষীয় দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করা হয়- একথা প্রথমেই বলা হয়েছে। এ কর্তৃত্বের মানে অবাধ ক্ষমতা নয়। ‘Power is never unlimited’ এ ক্ষমতা সংবিধান, প্রধানত আইন, দেশজ রীতিনীতি, ভদ্রতা সভ্যতা, কৃষ্টি কালচার দ্বারা সীমিত। কর্তৃত্ব হচ্ছে আইনানুগ এবং ব্যক্তিগত খেয়াল খুশির আওতা অতিক্রান্ত। প্রতিষ্ঠান বা রাষ্ট্র্যের আইনের সাথে বৈধতার ছাপ রয়েছে। অপরদিকে নেতৃত্বের সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত। রাষ্ট্রের আইন আদেশ সহজেই নাগরিক সাধারণ মেনে নেয় এবং শক্তি প্রয়োগ ছাড়াই বাস্তবায়ন করে। অপরদিকে ব্যক্তির আদেশ ও অনুজ্ঞা যদি রাষ্ট্র ও সমাজের আইন আদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে তা বৈরিতা এমনকি শত্রুতা সৃষ্টি করে। নির্বাচন হচ্ছে ক্ষমতার সীমা পরিসীমার এক নির্ধারক। নির্বাচন হচ্ছে গণইচ্ছা অভিপ্সার এক প্রতিফলন। নির্বাচন হচ্ছে ক্ষমতার রদবদলের প্রকৃষ্ট প্রক্রিয়া। সুতরাং গোটা বিশ্বব্যাপী নির্বাচন ব্যবস্থাকে সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য করার প্রাণান্ত প্রয়াস লক্ষণীয়। তৃতীয় বিশ্বের নির্বাচিত এবং অনির্বাচিত স্বৈরশাসকেরা যখন নিজ সৃষ্ট নির্বাচন প্রক্রিয়া তথা জনগণের উপর আস্থা হারিয়ে ফেলে তখন ক্ষমতাকে চিরস্থায়ীভাবে কুক্ষিগত করার জন্য শক্তি প্রয়োগ শুরু করে। দলন-দমন, অনাচার-অত্যাচার, নির্যাতন-নিপীড়ন, হামলা-মামলা হয়ে ওঠে নিত্যদিনের বাহন। ছলে বলে কলে কৌশলে ‘মারি অরি পারি যে কৌশলে’ প্রতিপক্ষকে ঘায়েলের চেষ্টা চলে অনবরত। সে অবস্থায় মানুষের সহজাত বিকাশে বাধা স্বরূপ যে কোন রাজনৈতিক প্রতিবন্ধকতা নির্মূল করতে প্রবৃত্তি হয়ে ওঠে প্রতিজ্ঞ। মুক্তি ও সৃজনী শক্তির আকাঙ্ক্ষায় মানুষের মনোভাব হয়ে ওঠে সংক্ষুদ্ধ। ক্ষুব্ধ কাতর মন থেকে উদ্ভূত হয় মুক্তির আবেগ। তাই গণ বিপ্লবের প্রত্যয় সম্পূর্ণ যুক্তিগ্রাহ্য ও নীতি সম্মত। লেখক :অধ্যাপক, সরকার ও রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়