আলোকপাত

জেন্ডার সমতা, নারী অধিকার ও নারীর ক্ষমতায়ন

আপডেট : ৩১ মে ২০১৩, ২১:৫০
নারী নির্যাতন ও নারীর অধিকার খর্ব করার সংবাদবিহীন একটি দিন যেন আর নেই। সাম্প্রতিক সময়ে নারীর প্রতি সহিংসতার ভয়াবহ ঘটনাগুলো দিল্লি থেকে জোহান্সবার্গ, জোহান্সবার্গ থেকে ক্লিভল্যান্ড পর্যন্ত জনগণকে ব্যাপকভাবে নাড়া দিয়েছে। ফলে এই ভয়াবহ নির্যাতনের বিরুদ্ধে জনগণ সোচ্চার হয়ে উঠেছে, যা এখন এক গণদাবিতে পরিণত হয়েছে। বাংলাদেশ এবং কম্বোডিয়াতে গার্মেন্টস দুর্ঘটনায় নিহত কর্মীর বেশিরভাগই নারী। এই দুর্ঘটনাগুলো নিরাপদ ও উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে দুনিয়াব্যাপী আলোচনা ও বিতর্কের ঝড় তুলেছে। ইউরোপে নারীদের উপর ব্যয় সংকোচন নীতিমালার অসমানুপাতিক প্রভাব ও কর্পোরেট সেক্টরে কোটাপদ্ধতি ব্যবহার করে বেশি সংখ্যক নারীদের সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে নিয়ে আসার বিষয়টি এখনও কেবল প্রধান আলোচনার বিষয়। বৈশ্বিক নেতৃবৃন্দ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও বৈষম্যের ভয়াবহতাকে স্বীকৃতি দিয়ে মিলেনিয়াম ঘোষণা ২০০০ এ স্বাক্ষর করেছেন। এমডিজির ৮টি লক্ষ্যমাত্রার মধ্যে একটি অন্যতম লক্ষ্য হচ্ছে জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন। নারী পুরুষ বৈষম্যের কাঠামোগত কারণ চিহ্নিত করা ও নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার কারণে সমতার লক্ষ্যে পরিচালিত উন্নয়নের ধারা ব্যাহত হয়েছে। এমডিজির সকল লক্ষ্যমাত্রাগুলোর মধ্যে মাতৃমৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে অগ্রগতি কম হয়েছে। প্রকৃত অর্থেই এই লক্ষ্যমাত্রা অর্জন করা একটি কঠিন কাজ। যা আবারো জেন্ডার অসমতার ব্যাপকতা ও গভীরতা প্রমাণ করে। বৃহত্তর অগ্রগতির প্রেক্ষিতে জেন্ডার সমতা অর্জনের জন্য UN Women-এর প্রস্তাবিত লক্ষ্যমাত্রা হচ্ছে মানব অধিকারের ভিত্তিতে নারীর অধিকার ও নারীর ক্ষমতায়ন ত্বরান্বিত করা। যা অসম ক্ষমতার সম্পর্ককে মোকাবেলা করবে। আমরা এই লক্ষ্যে জরুরি পদক্ষেপ নেয়ার জন্য ৩টি ক্ষেত্র চিহ্নিত করেছি। প্রথমত, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ করা। এটি অবশ্যই প্রাধিকার ভিত্তিক একটি ইস্যু। হাইতি, সিরিয়া এবং কম্বো প্রজাতন্ত্রে ক্যাম্পে নারী ও কন্যাশিশুর প্রতি যৌন নিপীড়ন, আমেরিকা এবং অন্যান্য স্থানে ঘনিষ্ঠ সহযোগীর হাতে খুন হওয়ার মতো সহিংস ঘটনাগুলো অনেক অব্যক্ত শারীরিক ও মানসিক ক্ষতির কারণ হচ্ছে। নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা হচ্ছে মানব অধিকার লংঘনের সর্বোচ্চ বিকৃত প্রকাশ। এবং যার জন্য ব্যক্তি, পরিবার ও সমাজকে অনেক মূল্য দিতে হয়। দ্বিতীয়ত, নারী এবং পুরুষ উভয়ের জন্যই সমান সুযোগ, সম্পদ ও দায়িত্ব থাকা প্রয়োজন যাতে করে সমতার নীতি বাস্তবায়ন করা সম্ভব হয়। যেসব ক্ষেত্রে নতুন করে জরুরী পদক্ষেপ নিতে হবে সেগুলো হচ্ছে, প্রাকৃতিক সম্পদ, জমি এবং ঋণ সুবিধা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যৌন ও প্রজন্ম স্বাস্থ্যসেবা, নিরাপদ ও মানসম্মত কর্মসংস্থান এবং সমমজুরি নারী এবং পুরুষ উভয়েই কর্মক্ষেত্র ও বাড়িতে যাতে সমান অধিকার ভোগ করতে পারে সেজন্য পিতৃত্বকালীন ছুটি ও সন্তানের দেখা-শোনার বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে। ২০১৫ পরবর্তী বৈশ্বিক উন্নয়ন এজেন্ডা বিষয়ক সংলাপ নারী অধিকার ও সমতার ক্ষেত্রে টেকসই পরিবর্তনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার একটি বাস্তবসম্মত সুযোগ তৈরি করেছে। আমরা আমাদের অর্ধেক জনগোষ্ঠীর সম্ভাবনাকে পরিপূর্ণরূপে কাজে লাগিয়ে একটি শান্তিপূর্ণ, ন্যায্য এবং সফল পৃথিবী গড়ার লক্ষ্যে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাবো। লেখক :সহকারী মহাসচিব, জাতিসংঘ এবং ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক