নাদাল-শারাপোভার কোয়ার্টার ফাইনাল লড়াই আজ

আপডেট : ০৪ জুন ২০১৩, ২১:৫৮
রাফায়েল নাদাল এবং স্তানিস্ল্যাস ওয়াওরিঙ্কা আজ ফ্রেঞ্চ ওপেনের শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন। পুরুষ এককের অন্য ম্যাচে নোভাক জোকোভিচ খেলবেন জার্মানির টমি হাসের বিরুদ্ধে। অন্যদিকে গত সোমবার আমেরিকার স্লোয়ান স্টিফেন্সকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা শিরোপাধারি মারিয়া শারাপোভা আজ লড়বেন জেলেনা জ্যাঙ্কোভিচের বিরুদ্ধে। শেষ ষোলোর লড়াইয়ে গত সোমবার নাদালের প্রতিপক্ষ ছিলেন জাপানের কেই নিশিকরি। তবে ১৯৩৮ সালের পর প্রথম জাপানি খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনের শেষ ষোলোতে খেলা নিশিকরি এদিন দাঁড়াতেই পারেননি ‘ক্লে কোর্ট মাস্টারের’ দুর্দমনীয় ফর্মের সামনে। তিন সেটের লড়াইয়ে ৬-৪, ৬-১, ৬-৩ গেমে হার মানতে বাধ্য হন এশিয়ান তারকাটি। নিশিকরি প্রথম সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারলেও পরের দুটি সেটে নাদাল ছিলেন বরাবরের মতোই অপ্রতিরোধ্য। ফলে নিশ্চিত জয় দিয়েই নিজের ২৭তম জন্মদিন উদযাপন করছেন এই স্প্যানিয়ার্ড। অষ্টম ফ্রেঞ্চ ওপেন শিরোপার দিকে আরেক ধাপ এগিয়ে যাওয়া নাদাল ম্যাচ শেষে কোর্টে দাঁড়িয়েই কেক কেটে উদযাপন করেছেন জন্মদিন উত্সব। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নাদাল আজ মুখোমুখি হবেন ওয়াওরিঙ্কার। পাঁচ সেটের এক ম্যারাথন লড়াইয়ের পর এদিন রিচার্ড গ্যাসকুয়েটের বাধা টপকান ওয়াওরিঙ্কা। যদিও প্রথম দুটি সেট জিতে নিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এক পা দিয়েই ফেলেছিলেন সপ্তম বাছাই গ্যাসকুয়েট। কিন্তু পরের তিনটি সেট জিতে শেষ হাসি হাসেন তার প্রতিপক্ষ নবম বাছাই এই সুইস। ম্যাচের ফল ছিল ৬-৭ (৫-৭), ৪-৬, ৬-৪, ৭-৫, ৮-৬। পুরুষ এককের অপর কোয়ার্টার ফাইনালে আজ নোভাক জোকোভিচ খেলবেন টমি হাসের বিরুদ্ধে। অন্যদিকে মহিলা এককের দুটি কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছেন মারিয়া শারাপোভা-জেলেনা জ্যাঙ্কোভিচ এবং ভিক্টোরিয়া আজারেঙ্কা-মারিয়া কিরিলেঙ্কো। শেষ ষোলোর লড়াইয়ে শারাপোভা গত সোমবার ৬-৪, ৬-৩ গেমে হারান আমেরিকার স্লোয়ান স্টিফেন্সকে।