জাতীয় হকি দলের আন্দোলনরত খেলোয়াড়রা এশিয়া কাপের ক্যাম্পে অংশ নেবেন কিনা নিশ্চিত না করলেও তারা নিজেদের দাবি নিয়ে ফেডারেশন সভাপতি ও বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল ইনামুল বারীর সাথে বৈঠক করবেন। জানা গেছে ফেডারেশন সভাপতিও খেলোয়াড়দের সাথে বসতে আগ্রহ প্রকাশ করেছেন । আগামী শনিবার বেলা ১১টায় ফেডারেশন কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।
আসন্ন বৈঠকেও খেলোয়াড়রা পুরনো দাবিগুলো তুলবেন। বৈঠকটির কারণে জাতীয় দলের ক্যাম্প তিন দিন পিছিয়ে দেয়া হয়েছে। সোমবার বিকেএসপিতে অনুশীলন শুরু হবে। খেলোয়াড়রা বলেছেন সিদ্ধান্ত নেয়ার আগে তারা ফেডারেশন সভাপতির সাথে আলোচনা করতে চান। এ বিষয়ে ফেডারেশন সভাপতির প্রতিনিধি উইং কমান্ডার রাফিউল হক রাফির সাথে কথা বলে বৈঠকের সময় পেয়েছেন খেলোয়াড়রা।
খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি জাতীয় দলের সাবেক গোলকিপার রাসেল খান বাপ্পী এ প্রসঙ্গে বলেন, ‘সভাপতি আমাদের সাথে কথা বলবেন। আমরা উনার কাছে আমাদের দাবি তুলে ধরব।’
গতকাল বিকালে হকি স্টেডিয়ামে জাতীয় দলের খেলোয়াড়রা নিজেদের মধ্যে বৈঠক করেন। জাহিদ, চন্দন, জিমি, রানা, পিন্টু, সারোয়ার, নিলয়, রুবেল, অজিত, নান্নু প্রমুখ খেলোয়াড়রা বৈঠকে উপস্থিত ছিলেন। জাতীয় দলের অধিনায়ক জাহিদ বলেন, ‘আমরা ফেডারেশনকে জানিয়েছিলাম আমাদের দাবিগুলো। কিন্তু সেগুলো পূরণ হয়নি। এখন সভাপতির কাছে সরাসরি দাবি তুলব।’
পদত্যাগপত্র গৃহীত হয়নি
গত সোমবার হকি ফেডারেশনের জরুরি সভায় জাতীয় হকি দলের ক্যাম্প ডাকা হয়েছিল। কিন্তু গতকাল সন্ধ্যায় সেটি পরিবর্তন করে আগামী সোমবার ক্যাম্প ডাকা হয়েছে। ফেডারেশন থেকে তিন সহ-সভাপতি খোন্দকার জামিল, কেএমআর মঞ্জুর এবং সাজেদ আদেল এবং তিন সদস্য শফুিকুল ইসলাম লিটু, সুলতান উদ্দিন আহমেদ, নাজিরুল ইসলাম নাজু পদত্যাগ পত্র জমা দিলেও তা গৃহীত হয়নি। ফেডারেশন সভাপতি তাদেরকে পদত্যাগপত্র প্রত্যাহার করে নিতে অনুরোধ জানিয়েছেন বলে জানা গেছে। সভায় এনএসসির কাউন্সিলদের ব্যপারে কোনো আলোচনা হয়নি।
