বানসাল আসছেন না

আপডেট : ০৪ জুন ২০১৩, ২১:৫৯
ভারতীয় কোচ একে বানসালের পরিবর্তে তারই স্বদেশি এবং বিতর্কিত মহারাজ কৃষ্ণ কৌশিককে বাংলাদেশ দলের জন্য কোচ হিসেবে আনছে হকি ফেডারেশন। ভারতের জাতীয় দলের খেলোয়াড় ও সেদেশের মহিলা কোচ হিসেবে অনেক অর্জনের সাথে নানা বিতর্কও আছে কৃষ্ণ কৌশিককে ঘিরে। জানা গেছে, আপাতত এক বছরের জন্য বাংলাদেশ দলের দায়িত্ব নিতে যাচ্ছেন এই কোচ। ১০ জুন থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হতে যাচ্ছে। এর আগে ৭ জুন ক্যাম্প শুরু করার কথা থাকলেও জায়গার সংকটে কয়েকদিন পিছিয়ে দেয়া হয় ক্যাম্প। আগামী ২৪ আগষ্ট মালয়েশিয়ায় শুরু হতে যাওয়া এশিয়া কাপের জন্য এই ক্যাম্প শুরু হবে। আট দেশের এই প্রতিযোগিতায় গ্রুপ ‘বি’ তে বাংলাদেশের প্রতিপক্ষ হল দক্ষিণ কোরিয়া, ভারত ও ওমান। নতুন কোচের ব্যাপারে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতুল্লাহ বলেন, ‘মহারাজ কৃষ্ণ কৌশিক ভারতীয় জাতীয় হকি দলের সাবেক খেলোয়াড়। মহিলা দলের কোচিং করিয়েছেন। কোচ হিসেবে তার পারফরম্যান্স চোখে পড়ার মতো। আমরা তার সিভি দেখেছি। সব মিলিয়ে আমরা তাকে নিয়ে আশাবাদী।’ কোচ হিসেবে কৌশিককে নিয়ে বিতর্ক থাকলেও সেসব নিয়ে ভাবতে চান না সাধারণ সম্পাদক। তার মতে, ‘বিতর্কের ব্যাপারটা আজই আমাদের নজরে আসে। তাকে নিয়ে বিতর্কটা ভারতীয় মহিলা দলকে নিয়ে। আর আমাদের জাতীয় দলকে কোচিং করাবেন তিনি। তাই আশা করি কোন সমস্যা হবে না।’ কৃষ্ণ কৌশিক খেলোয়াড় হিসেবে ১৯৮০ সালের অলিম্পিকের স্বর্ণ জয়ের পর কোচ হিসেবে জিতেছেন ২০০২ সালের কমনওয়েলথ গেমসের স্বর্ণ। এছাড়া অর্জুন পদক প্রাপ্তির কারণে ভারতীয় ক্রীড়াঙ্গনে সুবিদিত তার নাম। কিন্তু ২০১০ সালে এক যৌন বিতর্কে জড়িয়ে সারাজীবনের এসব প্রাপ্তি প্রায় হারাতে বসেছিলেন এই কোচ।