চট্টগ্রামের লোহাগাড়ায় গতকাল সোমবার শুরু হওয়া উপজেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় লোহাগাড়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ১-০ গোলে পদুয়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে পরাজিত করে।
উপজেলা সদরস্থ লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদ আয়োজিত এ প্রতিযোগিতা উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনুর রহমান, মোস্তফা গ্রুপের ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব শফিক উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাস দাশ সাগর, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম ও লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ্ব মামুন অর রশিদ চৌধুরী প্রমুখ। উপজেলার নয়টি ফুটবল দল বড়হাতিয়া, আমিরাবাদ, পদুয়া, চরম্বা, কলাউজান, লোহাগাড়া, পুটিবিলা, চুনতি ও আধুনগর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
