বিকল্পধারা বাংলাদেশ বিলুপ্ত করে বিএনপিতে বিলীন হওয়া বা ১৮ দলীয় জোটে যাওয়ার বিষয়ে সংবাদপত্রে প্রকাশিত খবর অবাস্তব ও অমূলক বলে দাবি করেছেন বিকল্পধারার মুখপাত্র মাহী বি চৌধুরী। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিএনপি’র সঙ্গে ঐক্য প্রক্রিয়া নিয়ে সৃষ্ট বিভ্রান্তি দূরীকরণে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিকল্পধারা বাংলাদেশ।
লিখিত বক্তব্যে মাহী বি চৌধুরী বলেন, দল ও মতের ঊর্ধ্বে উঠে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকারের কথা বিবেচনায় রেখে দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি আদায়ের লক্ষ্যে প্রধান বিরোধী দল ও অন্যান্য বিরোধী দলের মধ্যে ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে একটি ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলা জরুরি। এই লক্ষ্যে বিকল্পধারা ইতিমধ্যে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করেছে। প্রধান বিরোধী দল হিসেবে বিএনপি’র সঙ্গে এ বিষয়ে একাধিক বৈঠক হয়েছে।
তিনি আরো বলেন, বিকল্পধারা অন্যান্য বিরোধী দলকে সঙ্গে নিয়ে বিএনপি’র সঙ্গে একত্রে রাজপথে আন্দোলনে অংশ নেয়ার ইচ্ছা পোষণ করেছে। এ বিষয়ে বিএনপির কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তবে ঐক্য প্রক্রিয়ার রূপরেখা নিয়ে বিরোধী দলগুলোর সাথে আলাপ-আলোচনা করে স্বল্পতম সময়ের মধ্যে সাংবাদিকদের অবহিত করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. নূরুল আমীন বেপারী, মাহবুব আলী, ওয়াসিমুল হক, ওয়াসেল হক প্রমুখ।
