একজন খেলোয়াড়ের সবচেয়ে বড় প্রাপ্তি কি? ব্যাপারটা অবশ্যই আপেক্ষিক। প্রাপ্তিকে একেকজনে একেক ভাবে দেখবেন এটাই স্বাভাবিক। তবে, সারা বিশ্বের গণমাধ্যম যদি একজন খেলোয়াড়কে নিয়ে কথা বলে তাহলে সেটা প্রাপ্তি হিসেবেই দেখা হয়। গতকাল বিশ্বের জনপ্রিয় সব গণমাধ্যম তো বটেই ছোটখাটো পত্রিকার অনেকটা জুড়েই ছিলেন মোহাম্মদ আশরাফুল। তারপরেও এদিনটিকে মনে রাখতে চাইবেন না আশরাফুল। ফিক্সিং কেলেংকারির সাথে জড়িয়ে গত মঙ্গলবার সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে এই ক্রিকেটারকে। এরপরই দেশ ছাপিয়ে বিশ্বের গণমাধ্যমগুলোর খেলার পাতায় প্রথম দিকেই ছিলেন মোহাম্মদ আশরাফুল।
মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ সম্মেলন করে সাময়িক নিষিদ্ধ ঘোষণা করার পরই দেশের সংবাদ মাধ্যমের কাছে নিজের দোষ স্বীকার করে ক্ষমা চান মোহাম্মদ আশরাফুল। এরপরে বিবিসি, উইজডেন, ডেইলি মেইল, মিড ডে, দ্য হিন্দু, ডেইলি টাইমস, মিরর, এনডিটিভি, দ্য সিডনি মর্নিং হেরাল্ড থেকে শুরু করে প্রায় সবাই সামনের দিকে নিয়ে আসে আশরাফুলকে। অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত দ্য সিডনি মর্নিং হেরাল্ড শিরোনাম করে আশরাফুল: দ্য ফলেন হিরো। বিশ্ব ক্রিকেটের বিস্ময় বালক থেকে আজকের এই স্পট ফিক্সিং কেলেংকারির সাথে জড়ানো সবই ছিল এখানে। ক্রিকেটের নামজাদা পত্রিকা উইজডেনের শিরোনাম ছিল ‘ফরগিভ মি’ সেয়’স আশরাফুল আফটার কনফেশন। ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল আশরাফুল কে নিয়ে দুইটি সংবাদ প্রকাশ করে। একটিতে ছিল বিসিবির সংবাদ সম্মেলন, আর অন্যটিতে আসে আশরাফুলের ক্ষমা চাওয়ার ব্যাপারটি।
এশিয়ার প্রায় সব গুলো পত্রিকাতেই ফলাও করে এসেছেন আশরাফুল। ভারতের দ্য হিন্দু, এনডিটিভি, নিউজ ট্র্যাক ইন্ডিয়া, টাইমস অব ইন্ডিয়া, পাকিস্তানের পাক ট্রিবিউন, ডন, পাকিস্তান অবজারভার ডেইলি টাইমসসহ প্রায় সবগুলো পত্রিকাতেই ছিল আশরাফুলের খবর। এনডিটিভি লিখেছে মোহাম্মদ আশরাফুল: বাংলাদেশ’স বয় ওয়ান্ডার, ফলস ফ্রম গ্রেস। পাকিস্তান থেকে প্রকাশিত পাক ট্রিবিউনের ভাষা ছিল, আশরাফুল অ্যাডমিটস ফিক্সিং অ্যাজ স্ক্যান্ডাল স্প্রেডস। এমন করে হংকং, নিউজিল্যান্ড, আরব আমিরাত, ব্যাংককসহ যেসব দেশে ক্রিকেট খেলা এতোটা জনপ্রিয় না সেখানকার গণমাধ্যমগুলোতেও আশরাফুলের খবর প্রচার করা হয়েছে। এমন নয় যে, এবারই প্রথম আশরাফুলকে নিয়ে কোন খবর ফলাও করে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। সেই ২০০১ সালের কলম্বো চমক থেকে শুরু; এরপর কার্ডিফে অস্ট্রেলিয়া বধ, কিংবা কিছুদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে ১৯০ রান, সবগুলোতেও গণমাধ্যমকে পাশেই পেয়েছিলেন আশরাফুল। এবারও পেলেন!
তবে, এবার নিশ্চয়ই এটাকে প্রাপ্তি মানছেন না আশরাফুল!
