ক্ষুব্ধ সমর্থকরা!

আপডেট : ০৫ জুন ২০১৩, ২১:২৪
মোহাম্মদ আশরাফুলের ক্রিকেট কেলেংকারিতে ক্ষুব্ধ ও শোকস্তব্ধ এখন দেশের ক্রীড়ামোদীরা। শুধু ফেসবুক, টুইটার কিংবা ব্লগিংয়ের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমেই নয়, সাধারণ মানুষরা পর্যন্ত বিষয়টি মেনে নিতে পারছেন না। চায়ের দোকান থেকে শুরু করে অফিস-আদালত সব জায়গায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আশরাফুল। আপাতত ক্রিকেট দুনিয়া থেকে সাময়িক নিষিদ্ধের পর ক্রিকেটামোদীরা জানতে চাইছেন, ‘আসল দোষী কারা?’ দেশের ক্রীড়ামোদীদের বড় একটি অংশ এখন ফেসবুক আর ব্লগ ব্যবহার করে। জাতীয় ও আন্তর্জাতিক যেকোন ইস্যুতেই এখন তারা বেশ সোচ্চার। খেলাধুলায় দেশের সাফল্যে এরা বাহবা দেন, খারাপ করলে ভর্ত্সনা করতেও ছাড়েন না। তবে গত মঙ্গলবার জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুলের নিজের মুখ থেকে ক্রিকেট কেলেংকারির কথা জানার পর সমর্থকরা স্তম্ভিত ও শোকস্তব্ধ। বাংলাদেশ ক্রিকেটের অনেক ম্যাচের নায়ক আশরাফুলের ম্যাচ ও স্পট ফিক্সিংয়ের কথা স্বীকার করে নেয়ার পর বিষয়টি মেনে নিতে পারছেন না কেউই। এদের কেউ কেউ অবশ্য আশরাফুলকে আরেকটা সুযোগ দেয়ার পক্ষে। তবে এর সাথে প্রকৃত দোষী ব্যক্তিদেরও শাস্তি দাবি করেছেন সমর্থকরা। ফেসবুকে অনিরুদ্ধ জাহাঙ্গীর নামের এক সমর্থক লিখলেন, ‘আশরাফুল আরেকটি অপরাধ করলো। সব দোষ নিজের কাঁধে তুলে নিয়ে অনেককে বাঁচিয়ে দিলো...’। আপাতত এই কেলেংকারির সাথে জড়িত অন্যদের খুঁজে না পাওয়া পর্যন্ত হয়তো এ বক্তব্য আরো বহু সমর্থকেরই মনে অনুরণিত হচ্ছে।