হকি ফেডারেশনের নির্বাচনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত কাউন্সিলর কোটার বিরুদ্ধে জোটবদ্ধ অবস্থান নিয়েছে প্রিমিয়ার লিগের ছয় ক্লাব। তাদের দাবি ক্রীড়া পরিষদ সুচিন্তিত মতামত নিয়ে কাউন্সিলর কোটায় মনোনয়ন দেয়নি। তাই এটি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন এই ক্লাবগুলোর কর্মকর্তারা।
ক্লাবগুলো হচ্ছে মোহামেডান, মেরিনার ইয়াংস, বাংলাদেশ স্পোর্টিং ক্লাব, অ্যাজাক্স, ওয়ারী এবং ওয়ান্ডারার্স ক্লাব। তবে অ্যাজাক্সের কোন প্রতিনিধি এতে উপস্থিত ছিলেন না। গতকাল বিকালে মেরিনার ইয়াংস ক্লাব আয়োজিত সংবাদ সম্মেলনে ক্লাবগুলো এ দাবি তুলে ধরে। কর্মকর্তারা বলেন, এখনো সময় আছে ক্রীড়া পরিষদ মনোনীত পাঁচ কাউন্সিলর তালিকাটি পুনর্বিবেচনা করার।
মেরিনার ক্লাবের সহ-সভাপতি শফিউল্লাহ আল মুনীর ও কর্মকর্তা নজরুল ইসলাম মৃধা, মোহামেডানের হকি কর্মকর্তা সাজেদ আদেল, ওয়ারী ক্লাবের প্রতিনিধি নাজিরুল ইসলাম নাজু, বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের মো. হুমায়ুন, ওয়ান্ডারার্স ক্লাবের জসিম উদ্দিন উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে।
সাজেদ আদেল বলেছেন, ফেডারেশন সভাপতির সাথে খেলোয়াড় দলবদল নিয়ে যে আলোচনা হয়েছিল সেখানে আমরা দাবি জানিয়েছিলাম এনএসসির কাউন্সিলর মনোনয়নের বিষয়টি। তিনিও বিষয়টি দেখবেন বলে আমাদের কথা দিয়েছিলেন। কিন্তু চৌদ্দ-পনের দিন চলে গেল উনি এখনও দেখছেনই।’ তিনি আরো বলেন, ‘ট্র্যাডিশন হচ্ছে বড় ক্লাবগুলো থেকে সমানভাবে কাউন্সিলর মনোনয়ন দেয়া হতো। কিন্তু এবার একটা ক্লাব থেকেই পাঁচ জনকে দেয়া হয়েছে। আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই।’
মেরিনার কর্মকর্তা মুনীর বলেন, আমরা বিশ্বাস করি এটার সমাধান হবে। আমি বলব না সবাই অযোগ্য। আমরা চাই সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিদের এনএসসি থেকে কাউন্সিলর দেয়া উচিত।’ তিনি এ ক্ষেত্রে স্পন্সরদের মধ্য থেকেও কাউন্সিলর করার অনুরোধ জানান।
উল্লেখ্য, বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচন হবে ২৭ জুন।
