বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চলমান ফিক্সিং বিতর্কের কেন্দ্রে আছে ঢাকা গ্লাডিয়েটর্স দল, দলের মালিক ও কয়েক জন খেলোয়াড়। বলা হচ্ছে, এই দলের দুটি ম্যাচ ঘিরে যতো সন্দেহ। এরই মধ্যে নিজের অপরাধ স্বীকার করায় আপাতত ক্রিকেট থেকে বহিষ্কার হয়ে আছেন ওই দুই ম্যাচে ঢাকার ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এই অবস্থায় ঢাকা গ্লাডিয়েটর্সের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে কিছু ব্যাপারে তারা নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে। প্রথমেই বলা হয়েছে, তাদের চেয়ারম্যান সেলিম চৌধুরী ব্যাংককে আকসুর জেরায় হাজির হয়েছিলেন; এই তথ্য সত্য নয়। এরপর বলা হয়েছে, পত্রিকায় প্রকাশিত ‘আলী আকবর’ নামে তাদের ইউরোপা গ্রুপে কোনো কর্মী নেই। এর আগে পত্রিকায় খবর ছিল যে, আলী আকবর নামে ইউরোপা গ্রুপের প্রধান নির্বাহীকে আকসু জিজ্ঞাসাবাদ করেছিল। কিন্তু ঢাকা গ্লাডিয়েটর্সের বিবৃতিতে দাবি করা হয়েছে, তাদের দলের পক্ষে শুধু ব্যবস্থাপনা পরিচালক সিহাব চৌধুরীকে আকসু জিজ্ঞাসাবাদ করেছে।
এরপর বিবৃতিতে বিভিন্ন টক শোতে সাবেক ক্রিকেটার ও সংগঠকদের কিছু কথা ভুল বলে জানিয়েছে দলটি। সবশেষে তারা তদন্তে দোষী প্রমাণিত হলে শাস্তি মেনে নেবে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সবাইকে অনিশ্চিত খবর পরিবেশন থেকে বিরত থাকার আহবান জানিয়েছে।
