পদত্যাগের ঘোষণা দিলেন মে

আপডেট : ০৫ জুন ২০১৩, ২১:২৫
আইসিসির বিরুদ্ধে হুমকি প্রদান এবং গোপন সমঝোতার অভিযোগ তুলে ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফিকার সভাপতির পদ ছাড়লেন টিম মে। আইসিসির বিরুদ্ধে ক্রমাগত লড়াই করে তিনি ক্লান্ত; এমন দাবি করে মে গতকাল বুধবার এক বিবৃতিতে ফিকা প্রধানের পদ ছাড়ার ঘোষণা দেন। আইসিসির ক্রিকেট কমিটিতে খেলোয়াড় প্রতিনিধি হিসেবে মে’র বদলে ভারতের লক্ষণ শিবরামকৃষ্ণ নির্বাচিত হওয়ার পর থেকেই আইসিসির সমালোচনায় মুখর মে। ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসিকে অন্যায়ভাবে প্রভাবিত করে দ্বিতীয় দফা নির্বাচনের মাধ্যমে তাকে বঞ্চিত করেছেন, এমন অভিযোগও করেছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত এর কোন সমাধান করতে না পেরে আট বছর দায়িত্ব পালনের পর ফিকা প্রধানের পদ থেকে অব্যাহতি দিলেন এই অস্ট্রেলিয়ান। তিনি বলেন, ‘বিভিন্ন ধরনের হুমকি এবং দুর্নীতির ব্যাপারগুলো দিনকে দিন বেড়েই চলেছে। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইসিসিরই এর বিরুদ্ধে ভূমিকা রাখতে হবে। এমনটা আমরা আশা করতেই পারি। তবে ক্রিকেট থেকে নীতি-নৈতিকতার বিষয়গুলো ক্রমেই দূরে সরে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে জবাবদিহিতা এবং স্বাধীনতার বিষয়গুলোও।’