আগামী বছরের এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবল চ্যাম্পিয়নশীপের আসিয়ান জোনের এফ গ্রুপের বাছাই পর্বে খেলা শেষে মঙ্গলবার রাতে ফিরেছে বাংলাদেশ জুনিয়র দল। দেশে ফিরে দলটির উইঙ্গার শাওন হোসেন জাহিদ বলছিলেন অভিজ্ঞতার অভাবই তাদের ভাল না করার কারণ। তিনি এ জন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দাবি করেন।
মিয়ানমারে অনুষ্ঠিত এই গ্রুপের খেলায় থাইল্যান্ড চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশের জুনিয়র ফুটবল দল পাঁচ ম্যাচে ২টিতে ড্র এবং তিন ম্যাচ হেরেছে। এর মধ্যে বাংলাদেশের গোল দুটি করেছেন জাহিদ। গতকাল বিকালে বাফুফে ভবনের টার্ফে অনুশীলনের ফাঁকে জাহিদ বলেন,
বাংলাদেশ দলের রক্ষণভাগে সমস্যা ছিল। নিজেদের মধ্যে বুঝাপড়ার খুবই অভাব ছিল। গোলকিপার বল গ্রীপ করলে বল ছুটে যায়। সেটা গোলে পরিণত করেছে প্রতিপক্ষ দল। বল ব্যাকপাস করলে সেটাকে কিভাবে আকড়ে ধরতে হয় আমাদের প্লেয়াররা সেটা বুঝে উঠতে পারছিল না।’
সিঙ্গাপুরের বিরুদ্ধে ফ্রিকিক থেকে গোল করেছেন উইংগার জাহিদ। আর লাওসের বিরুদ্ধে উইং পজিশন থেকে বল ক্রস করলে সেটা প্রতিপক্ষের ফুটবলারদের পায়ে লেগে গোল হয় বলে জানিয়েছেন তিনি। জাহিদ আরো বলেন, প্রতিপক্ষ রাফ ট্যাকল করে বল ছিনিয়ে নিতো। তিনি দাবি করেন ইন্দোনেশিয়ার কাছে ২-০ গোলে হারলেও তারা আরো ভাল খেলতে পারতেন। লাওসের বিরুদ্ধে ৫-১ গোলে হারা সম্পর্কে জাহিদ বলেন, ‘আমরা প্রথমার্ধে এক গোল খেয়েছি। কিন্তু দ্বিতীয়ার্ধে চার গোল হজম করেছি। কারণ ডিফেন্সে সমস্যা ছিল।’ জাহিদ বলছিলেন যে মাঠে ম্যাচ খেলেছি সেখানে একবার হলেও অনুশীলন করা উচিত ছিল।
