সুপার কাপ ফুটবলের ড্র আজ
স্পোর্টস রিপোর্টার
সুপার কাপ ফুটবলের ড্র আজ বিকাল চারটায় অনুষ্ঠিত হবে। পেশাদার ফুটবল লিগের আট দল খেলবে এই টুর্নামেন্টে। খেলা শুরু হবে ১৪ জুন। টুর্নামেন্টের এটি তৃতীয় আসর। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী।
চ্যাম্পিয়ন্স ট্রফির ধারাবিবরণী দেবে
রেডিও ভূমি এফএম
স্পোর্টস রিপোর্টার
আজ থেকে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেলাগুলো সরাসরি ধারাবিবরণী দেবে রেডিও ভূমি ৯২.৮ এফএম। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গতকাল জানানো হয়েছে টুর্নামেন্টের ফাইনালসহ ১৫টি ম্যাচের বাংলায় ধারাবিবরণী শুনতে পারবেন ক্রিকেট অনুরাগীরা।
ভিক্টোরিয়ার জয়
স্পোর্টস রিপোর্টার
গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ ফুটবল লিগে ভিক্টোরিয়া ১-০ গোলে ওয়ারীকে হারিয়েছে। ম্যাচের ইনজুরি টাইমে আরিফের গোলে ম্যাচ জিতে ভিক্টোরিয়া। আজকের খেলা ঃ চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ, বঙ্গবন্ধু স্টেডিয়াম, বিকাল চারটা।
ইস্পাহানি ক্রিকেট
রেলিগেশন লিগে রাইজিং স্টারের জয়
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস \
বন্দরনগরী চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে ঐতিহ্যবাহী দল হলেও রাইজিং স্টার ক্লাবকে বর্তমান মৌসুমে ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগে লড়াই করতে হচ্ছে রেলিগেশন এড়ানোর জন্য। এমন শোচনীয় অবস্থা অন্য কোন সময় হয়নি তাদের। তবে গতকাল শুরু হওয়া রেলিগেশন লিগের প্রথম ম্যাচে রাইজিং স্টার ৯ রানে পরাস্ত করে শতদল ক্লাবকে। এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রাইজিং স্টার ক্লাব ১৬৭ রান করে প্রতিপক্ষ শতদল ক্লাবকে থামিয়ে দেয় ১৫৮ রানে।
থাইল্যান্ড গেলেন দাবাড়ু ফাহাদ
স্পোর্টস রিপোর্টার
দাবাড়ু ফাহাদ রহমান থাইল্যান্ডের চিয়াং মাই শহরে অনুষ্ঠিতব্য ১৪তম আশিয়ান বয়স ভিত্তিক দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহন করতে গতকাল দুপুরে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। তিনটি ইভেন্টে অংশ নিবেন এগুলো হচ্ছেঃ স্ট্যান্ডার্ড দাবা, র্যাপিড দাবা ও বিদ্যুত্ গতি দাবা। আজ র্যাপিড ও বিদ্যুত্ গতি দাবা অনুষ্ঠিত হবে। স্ট্যান্ডার্ড দাবা অনুষ্ঠিত হবে ৮-১৩ জুন পর্যন্ত। চ্যাম্পিয়নশিপের স্ট্যান্ডার্ড দাবার বয়স ভিত্তিক চ্যাম্পিয়নরা ফিদে মাস্টার খেতাব পাবেন। ফাহাদের পৃষ্ঠপোষকতা করছে জেমকন গ্রুপ।
জেলা ফুটবল
স্পোর্টস রিপোর্টার
ময়মনসিং সার্কিট হাউস মাঠে গতকাল অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জেলা ফুটবলে পুলিশ অ্যাথলেটিক ক্লাব ১-১ গোলে ড্র করেছে উদয়ন ক্রীড়া চক্রের সাথে। পুলিশের আমিরুল ৪ মিনিটে এবং উদয়নের পাপ্পু ১১ মিনিটে গোল করে সমতা আনেন।
সানসাইন কেবলস ফুটবল
স্পোর্টস রিপোর্টার
গতকাল কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোঃ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত সানসাইন কেবলস তৃতীয় বিভাগ ফুটবল লিগে নবাবপুর ক্রীড়া চক্র ২-১ গোলে মাতুয়াইল উদয়ন সংসদকে (জুনিয়র) হারিয়েছে। ১০ মিনিটে জুয়েলের গোলে এগিয়ে ছিল মাতুয়াইল। ১২ মিনিটে হাসিব এবং ৫০ মিনিটে হেলালের গোলে ম্যাচ জিতেছে নবাবপুর ক্রীড়া চক্র।
বামনশুর ডালিম স্মৃতি ফুটবল
আগামীকাল ফাইনাল
বামনশুর ১ম ডালিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামীকাল শুক্রবার বিকাল ৪টায় কেরানীগঞ্জের ঐতিহাসিক বামনশুর মাঠে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় মুখোমুখি হবে বামনশুর ক্রীড়া চক্র এবং বাবুরগ্রাম ক্রীড়া চক্র। প্রে: বি:
