ছোট ভাই ও বন্ধুকে নিয়ে নতুন মোটর সাইকেলে বেড়াতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না ইশতিয়াক মাহমুদের (১৯)। গতকাল শুক্রবার সকালে রাজশাহীর বাঘা পৌর এলাকায় বালুবাহী বেপরোয়া ট্রাকের ধাক্কায় তিনি রাস্তার উপর পড়ে যান। পরে আরেকটি ট্রাক্টর চাপায় ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ছোট ভাই দোলন আলী ও বন্ধু সজল আলীকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, ইশতিয়াক রাজশাহীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি বাঘা উপজেলার তেঁথুলিয়া মাউদপাড়া গ্রামের হাসান আলীর ছেলে। বাঘা থানার ওসি আবুল খায়ের বলেন, কোনো দাবি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক্টরটি পুলিশের জিম্মায় নেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
