জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে কাল থেকে। উদ্বোধনী দিনে ৪টি ভেন্যুতে খেলা হয়। প্রথমদিনেই জয় পেয়েছে খুলনা, পাবনা, গাইবান্ধা ও ময়মনসিংহ জেলা।
সাতক্ষীরা ভেন্যুতে খুলনা ১৫৫ রানে হারিয়েছে মেহেরপুর জেলাকে। রায়জুল ও আসলামের ৭২ রানে খুলনা ২৭১ রান পায়। মেহেরপুর ১১৬ রানে গুটিয়ে যায়। রাজিব ও শামিম ৩টি করে উইকেট নেন।
সিরাজগঞ্জ ভেন্যুতে পাবনা ৭ উইকেটে হারিয়েছে নাটোর জেলাকে। কাওসার ৪টি উইকেট নিলে নাটোর মাত্র ৭০ রানে অলআউট হয়ে যায়। পাবনা ৩ উইকেট খরচে জয় পায়। নীলফামারী ভেন্যুতে বৃষ্টিবিঘ্নিত ২০ ওভারের ম্যাচে কুড়িগ্রাম ৭৮ রানে অলআউট হয়ে যায়। গাইবান্ধা ১৬.৩ ওভারে ৫ উইকেটের জয় তুলে নেয়। জামালপুর ভেন্যুতে ময়মনসিংহ প্যারাবোলা ম্যাথুয়েডে ৭ উইকেটে হারিয়েছে কিশোরগঞ্জ জেলাকে। শুভ ৪ উইকেট নিলে কিশোরগঞ্জ ১৩৩ রান পায়। ময়মনসিংহ ২৬ ওভারে ৩ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
মৌলভীবাজারে পয়েন্ট ভাগাভাগি
মৌলভীবাজার প্রতিনিধি \ সিলেট ও সুনামগঞ্জ জেলা দলের মধ্যকার ৩৩তম জাতীয় ক্রিকেটের আঞ্চলিক বাছাই পর্বের খেলাটি গতকাল শুক্রবার বৃষ্টির কারণে না হওয়ায় দু’দলের মধ্যে পয়েন্ট ভাগ করে দেয়া হয়েছে। আজ মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা দল মুখোমুখি হবে।
নোয়াখালীতেও বৃষ্টিতে বিপর্যস্ত খেলা
নোয়াখালী প্রতিনিধি \ নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে গতকাল শুক্রবার চট্টগ্রাম অঞ্চলের প্রতিযোগিতার উদ্বোধন হলেও বৃষ্টির কারণে চট্টগ্রাম ও বান্দরবান জেলা দলের খেলাটি অনুষ্ঠিত হতে পারেনি। উদ্বোধনী অনুষ্ঠানের পর বৃষ্টি নামলে খেলাটি পরিত্যক্ত ঘোষণা করে দুদলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করা হয়।
