কোচ নিয়ে বিপাকে হকি ফেডারেশন

আপডেট : ০৭ জুন ২০১৩, ২১:৪৪
জাতীয় হকি দলের জন্য কোচ আনতে গিয়ে বিপাকেই পড়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতুল্লাহ জানালেন এখন পর্যন্ত কোচ হিসেবে কাউকে নিশ্চিত করতে পারেনি বোর্ড। প্রথমে ভারতের সাবেক হকি খেলোয়াড় ও কোচ অজয় কুমার বানসালের কোচ হয়ে আসাটা অনেকটা নিশ্চিতই ছিল। কিন্তু ভারতের হকি ফেডারেশন থেকে ছুটি না পাওয়ায় তিনি আসতে অপারগতা জানান। এরপর অনেকটা তড়িঘড়ি করেই নতুন কোচ হিসেবে আরেক ভারতীয় মহারাজ কৃষ্ণ কৌশিকের নাম ঘোষণা করা হয়। তবে, কৃষ্ণ কৌশিকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ থাকায় তার ব্যাপারে এখন পর্যন্ত কোন সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি বলে জানালেন ফেডারেশন সম্পাদক খাজা রহমতুল্লাহ। এ ব্যাপারে তিনি বলেন, ‘কৌশিককে নিয়ে অনেক বিতর্ক থাকায় এখনও আমরা চূড়ান্ত কোন সিদ্ধান্তে আসতে পারছি না। আমরা নতুন কোচের জন্য চেষ্টা করছি।’ শেষ পর্যন্ত নতুন কোচ যিনি হোন না কেন তিনি ভারত থেকেই আসছেন বলে নিশ্চিত করেন খাজা রহমতুল্লাহ, ‘আমাদের ইচ্ছা ভারত থেকেই কোচ আনা। কিন্তু কৌশিক না হলে কে আসবে সে ব্যাপারে এখনও কিছু জানাতে পারছি না।’ আগামী ১০ জুন থেকে এশিয়া কাপ হকির কারণে ক্যাম্প শুরু হওয়ার কথা। ২৪ আগস্ট থেকে মালয়েশিয়ায় শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। আট দেশের এই লড়াইয়ে গ্রুপ ‘বি’ তে বাংলাদেশের প্রতিপক্ষ হল দক্ষিণ কোরিয়া, ভারত ও ওমান।