বিশিষ্ট শিক্ষানুরাগী, সব্যসাচী লেখক এবং বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেছেন, ‘ফুটবলের মতো জনপ্রিয় খেলা আর কোনটাই নয়। জাদুকর সামাদ শতবর্ষের বাঙালি সেরা খেলোয়াড় এতে কোন সন্দেহ নেই। নতুন প্রজন্মের কাছে এই সেরা খেলোয়াড়ের জীবন ও কৃতিত্ব তুলে ধরতে হবে। সামাদের মতো ফুটবল ‘আইডল’ তৈরি করতে সংগঠক-লেখকসহ সবাইকে এগিয়ে আসতে হবে।’ গতকাল শুক্রবার বিকালে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) অডিটোরিয়ামে উপমহাদেশের কিংবদন্তি ফুটবলার ‘জাদুকর সামাদ স্মারকগ্রন্থ’ প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কথাগুলো বলেছেন।
শামসুজ্জামান খান বলেন, জাদুকর সামাদকে নিয়ে আরো বড় আকারে স্মারকগ্রন্থ প্রকাশে ব্যবস্থা নেবে বাংলা একাডেমী। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠানে জাদুকর সামাদ সম্পর্কে বক্তব্য রাখেন প্রবীণ ক্রীড়া সাংবাদিক মুহাম্মদ কামরুজ্জামান, জিয়াউল হক, ইকরামউজ্জামান, কবি সানাউল হক খান, আব্দুল তৌহিদ, শফিকুর রহমান শফিক।
বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি হাসান উল্লাহ খান রানা। স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি আরিফ সোহেল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোস্তফা মামুন। -প্রে: বি:
