দুই উদ্বোধনী ব্যাটসম্যানের দারুণ সূচনার পর লোয়ার অর্ডারে রবীন্দ্র জাদেজার ঝড়ো ব্যাটিংয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুভ সূচনা করলো বিশ্বচ্যাম্পিয়ন ভারত। তবে দক্ষিণ আফ্রিকাকে ২৬ রানে হারানোর পরও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এদিকে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে এজবাস্টনে গত দুই আসরের শিরোপাজয়ী অস্ট্রেলিয়া আজ স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে।
শেখর ধাওয়ানের সঙ্গে উদ্বোধনী জুটিতে ১২৭ রান যোগ করার পর ব্যক্তিগত ৬৫ রানে ফিরে যান রোহিত শর্মা। কিন্তু দারুণ ফর্মে থাকা ধাওয়ান থামেন তার প্রথম ওয়ানডে সেঞ্চুরি করার পরেই। ১২টি চার এবং একটি ছয়ে ৮০ বলে সেঞ্চুরি ছোঁয়া ধাওয়ান শেষ পর্যন্ত থামেন ১১৪ রানে। এরপর দ্রুত কয়েকটি উইকেটের পতন হলেও শেষ পর্যন্ত ৩৩১ রানের বড় সংগ্রহই গড়ে ভারত। শেষ দিকে জাদেজার ২৯ বলে অপরাজিত ৪৭ রানের ইনিংসটি এতে বড় অবদান রাখে। বড় রানের তাড়ায় নেমে দক্ষিণ আফ্রিকা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে শেষ পর্যন্ত ৩০৫ রানে থেমে যেতে হয় তাদের।
দুটি প্রস্তুতি ম্যাচের পর টুর্নামেন্টে প্রথম ম্যাচেও জয়। তবে এরপরও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন ধোনি। ধোনির বিশ্বাস ইনিংস মাঝপথে দ্রুত উইকেট না খোয়ালে স্কোরবোর্ডে আরো ২৫ রান যোগ করতে পারতো তার দলে। ওপেনারদের প্রশংসার পাশাপাশি তিনি আরো বলেন,‘রোহিত শেখরের উদ্বোধনী জুটিতে আমরা একটা ভালো ভিত্তি পেয়েছিলাম। তবে ইনিংসের মাঝপথে আমরা দ্রুতই বেশ কয়েকটি উইকেট হারিয়ে ফেলি। ফলে স্কোরবোর্ডে কমপক্ষে ২৫ রান কম জমা পড়েছে।’ জয়ের ভিত্তি গড়ে দেয়া ঐ ইনিংসটির সুবাদে ধাওয়ানই ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন।
এদিকে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে অজিদের মাঠে নামতে হচ্ছে নিয়মিত অধিনায়ক অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ককে ছাড়াই। পিঠের সমস্যার জন্য খেলতে পারছেন না তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়া গতকাল এই ঘোষণা দেয়। বর্তমানে ৩২ বছর বয়সী এই তারকা এর আগে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের সাথে প্রস্তুতি ম্যাচেও খেলতে পারেননি। ফলে চলতি বছরে অনুষ্ঠেয় দুটি অ্যাশেজ সিরিজে ক্লার্কের খেলার সম্ভাবনাও ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।
এদিকে মানসিকভাবে খুব একটা ভালো অবস্থানে নেই স্বাগতিকরাও। নিউজিল্যান্ডের সঙ্গে গত বুধবার শেষ হওয়া ওয়ানডে সিরিজে তারা হেরে গেছে ২-১ ব্যবধানে।
