আর্জেন্টিনার হয়ে খেলার ছাড়পত্র পেলেন মেসি

আপডেট : ০৭ জুন ২০১৩, ২২:১২
ইনজুরির কারণে মৌসুমের শেষভাগে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক ও বার্সেলোনার খেলোয়াড় লিওনেল মেসি। তবে বর্তমানে বেশ সুস্থ তিনি। তাই জাতীয় দলের হয়ে মেসিকে খেলার ছাড়পত্র দিলো বার্সেলোনা ক্লাব। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে হামস্ট্রিং ইনজুরিতে পড়েন মেসি। এরপর সেমিফাইনাল ও লা লিগার শেষ দিকের ম্যাচগুলো খেলা হয়নি তার। তবে এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছেন বর্তমান ফুটবলের ক্ষুদে জাদুকর মেসি। তাই তাকে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলার জন্য ছাড়পত্র দিয়েছে বার্সেলোনা ক্লাব। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ‘সে এখন অনেক সুস্থ। আর্জেন্টিনার হয়ে সে খেলতে পারে। মেডিকেলের সকল কাগজপত্রে তা নিশ্চিত করা হয়েছে।’ তাই বিশ্বকাপ বাছাই পর্বে কলাম্বিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ইতোমধ্যে জাতীয় দলের সাথে যোগ দিয়েছেন মেসি। অনুশীলনে মেসির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলা বলেন, ‘তার পায়ের অবস্থা এখন ভালো। অনুশীলনে সবকিছু সে বেশ ভালোভাবেই করতে সক্ষম হয়েছে। তবে আমরা তাকে আরও পর্যবেক্ষন করবো। সে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেই ম্যাচ খেলতে পারবে।’ এখন পর্যন্ত বিশ্বকাপ বাছাই পর্বে ১১টি ম্যাচ খেলেছে নীল-সাদা জার্সিধারী আর্জেন্টিনা। ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার উপরেই আছে আর্জেন্টিনা।