ফ্যালকাও’র উচ্চাশা

আপডেট : ০৭ জুন ২০১৩, ২২:১২
কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওয়ের লক্ষ্য তার নতুন ক্লাব মোনাকোকে আবারো ইউরোপের অন্যতম সেরা ক্লাব হিসেবে গড়ে তুলতে সহায়তা করা। স্পেনের অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে সম্প্রতি মোনাকোতে যোগ দিয়েছেন ফ্যালকাও। গত বৃহস্পতিবার আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে কলম্বিয়ার জাতীয় দলের সাথে অনুশীলন শেষে ফ্যালকাও বলেন, ‘মোনাকো আমার ওপর আস্থা রাখায় খুশি হয়েছি। তারা আমাকে নিয়েছে ভবিষ্যতের পরিকল্পনার কথা মাথায় রেখে। আমরা সবাই পূর্ণ উদ্যোমে চাই মোনাকোকে ইউরোপিয়ান ফুটবলের আভিজাত্যে সামিল করাতে।’ ফ্যালকাওর দল কলম্বিয়া আজ ভোরেই বিশ্বকাপ ২০১৪ বাছাইয়ে আর্জেন্টিনার মোকাবেলা করছে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে নিজের লক্ষ্যের কথা জানিয়ে দিলেন তিনি। ফ্যালকাও মোনাকোতে স্বদেশী উইঙ্গার জেমস রডরিগুয়েজের সাথে খেলবেন। রডরিগুয়েজ পোর্তো থেকে মোনাকোতে এসেছেন। এ ব্যাপারে ফ্যালকাও বলেন, ‘আমাদের মধ্যে খুবই ভাল বোঝাপড়া রয়েছে। শুধু ফুটবলীয় নয়, ব্যক্তিগতভাবেও। সে সেরা খেলোয়াড়, আর এজন্য মোনাকো তার জন্য বেশি পারিশ্রমিক দিতে সম্মত হয়েছে।’