রুনিকে চান ওয়েঙ্গার

আপডেট : ০৭ জুন ২০১৩, ২২:১২
আর্সেনাল আসছে মৌসুমের জন্য ব্যাপক অর্থ ব্যয় করবে এবং দলটির অন্যতম টার্গেট হলো ওয়েন রুনিকে সই করানো। ইতোমধ্যে লন্ডনের ক্লাবটির প্রধান নির্বাহী ইভান গ্যাজিডিস রুনিসহ আরো কয়েকজন খেলোয়াড়কে দলে ভেড়াতে বড় অংকের তহবিল জোগানোর ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন। ব্রিটেনের ডেইলি মেইল পত্রিকা গত মাসেই জানিয়েছিল গানাররা এই গ্রীস্মে রুনিকে দলে ভেড়াতে তাদের যাবতীয় আর্থিক সীমাবদ্ধতাকে অতিক্রম করবে। আর্সেনাল আশা করছে সপ্তাহে এক লাখ ৭০ হাজার পাউন্ড বেতন, কয়েক লাখ পাউন্ডের ট্রান্সফার ফি এবং পাঁচ বছরের চুক্তির নিশ্চয়তা মিলিয়ে হয়তো রুনিকে টানা যাবে। যদিও ইংল্যান্ড স্ট্রাইকারটি ম্যানচেস্টার ইউনাইটেডে সপ্তাহে আড়াই লাখ পাউন্ড করে পাচ্ছেন। ওল্ড ট্র্যাফোর্ডে তার চুক্তির এখনো দুই বছর বাকি। এছাড়াও কোচ আর্সেন ওয়েঙ্গারের পছন্দের তালিকায় রয়েছেন ফিওরেন্টিনা স্ট্রাইকার স্টিভেন জোভেটিক এবং রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েইন। সোয়ানসি সিটির স্ট্রাইকার মিচুকে নিয়েও ভাবনা রয়েছে তার। এভারটনের মারোউয়ানে ফিলেইনি এবং বায়ার্ন মিউনিখের লুইস গুস্তাভোও আর্সেনালের নজরে রয়েছে। তবে আর্সেনাল রুনিকে দলে নিতেই সর্বোচ্চ চেষ্টা চালাবে।