কোরিয়া অ্যাম্বাসেডর কাপ তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে সিনিয়র মহিলা বিভাগে গতকাল শনিবার বিজেএমসির খেলোয়াড়দের আধিপত্য ছিল। শেষে দিনে মহিলাদের ছয়টি ইভেন্টের মধ্যে পাঁচটিতেই জেতে বিজেএমসি।
মহিলাদের ৪৬ কেজি ওজন শ্রেণীতে বিজেএমসির সুমাইয়া, ৪৯ আফরিনা, ৫৩ সুইটি, ৫৮ মার্জিয়া এবং ৬৩ কেজিতে রায়না স্বর্ণপদক জেতেন। এছাড়া মহিলাদের ৬৮ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণপদকটি জিতেছেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার মারুফা।
সিনিয়র পুরুষ বিভাগে সাতটি স্বর্ণ, ছয়টি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক নিয়ে পদক তালিকার শীর্ষে থাকে বাংলাদেশ সেনাবাহিনী। এ বিভাগে ৫৪ কেজিতে বিজেএমসির জাহিদ, ৫৮ কেজিতে বর্ডার গার্ড বাংলাদেশের তামজিদ হোসেন, ৬৩ বাংলাদেশ সেনাবাহিনীর জলন্ত চাকমা, ৬৮ সেনাবাহিনীর আনোয়ার, ৭২ বর্ডার গার্ড বাংলাদেশের মাসুম খান, ৮০ বিজেএমসির ইমতিয়াজ ও ৮৭ কেজি ঊর্ধ্ব ইভেন্টে সেনাবাহিনীর মিজানুর রহমান স্বর্ণপদক জেতেন। প্রতিযোগিতা শেষে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশস্থ দক্ষিণ কোরিয়া দূতাবাসের রাষ্ট্রদূত লী ইয়ুন ইয়ং, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হারুনুর রশিদ ও মহাপরিচালক কর্ণেল মোঃ ওয়ালী উল্লাহ।
