আকসুর রিপোর্ট মঙ্গলবারের আগে নয়!

আপডেট : ০৮ জুন ২০১৩, ২১:৪৪
আইসিসির দুর্নীতি দমন ইউনিটের (আকসু) রিপোর্টের অপেক্ষায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্পট ফিক্সিংয়ের অভিযোগে সাময়িক নিষিদ্ধ মোহাম্মদ আশরাফুল শেষ পর্যন্ত দোষি সাব্যস্ত হলে তার শাস্তি কি হবে তা নিয়েই চলছে জল্পনা-কল্পনা। ক্রিকেটামোদীদের মধ্যে আশরাফুলের প্রতি সহানুভূতি দেখা গেলেও বাস্তবে বিসিবি চাচ্ছে দোষি হলে যথাযথ শাস্তি হোক তার। সেক্ষেত্রে দশ বছরের জন্য নিষিদ্ধ অথবা সারাজীবনের জন্য বহিষ্কৃত হতে পারেন তিনি। এই মুহূর্তে বিসিবি আকসুর রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোন মন্তব্যই করতে চাচ্ছে না। আকসুর রিপোর্টের উপরও নির্ভর করছে অনেক কিছু। বিসিবির এক কর্মকর্তার কথায় আঁচ করা যাচ্ছে আকসুর রিপোর্ট বের হলে বাংলাদেশের ক্রিকেটের উপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে। তিনি বলেন, ‘রিপোর্টে কিছু একটা থাকলে তো অবশ্যই আমাদের ক্রিকেট বিশাল একটা ধাক্কা হবে। সেখান থেকে উত্রানোর পথ দেখতে হবে।’ বিসিবির এই কর্মকর্তা জানান, জুলাই-আগস্টে বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা থাকলেও বিসিবি এই সফরে যাচ্ছে না। ক্রিকেট ফিক্সিং নিয়ে সারাদেশ তোলপাড়ের এই সময়ে বিসিবি চাচ্ছে নিজেদের একটু গুছিয়ে নিতে। এদিকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় যোগ দিতে বোর্ড সভাপতি মালয়েশিয়ায় অবস্থান করছেন। সেখান থেকে ফিরে আজ ব্যক্তিগত কাজে সিঙ্গাপুর যাবেন তিনি। দেশে ফিরবেন সোমবার রাতে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার গণমাধ্যমের কাছে আকসুর রিপোর্ট প্রকাশ করতে পারে বিসিবি।