ক্রোয়েশিয়া, মন্টেনেগ্রোর মতো দলগুলো নিজের মাঠে হেরে গেলেও গত শুক্রবার অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাইয়ে নিজ নিজ গ্রুপে গুরুত্বপূর্ণ জয় পায় পর্তুগাল ও বেলজিয়াম। এছাড়াও জয় পেয়েছে বসনিয়া হারজেগোবিনা ও গ্রিস।
কোচ গর্ডন স্ট্র্যাচেনের অধীনে স্কটল্যান্ড প্রথম জয়টি পেল এদিন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। ‘এ’ গ্রুপের খেলাটিতে ইগর স্টাইম্যাচের দল অপরাজিত হিসেবে খেলতে নেমেছিল স্কটিশদের বিরুদ্ধে। কিন্তু রবার্ট স্নোডগ্রাসের প্রথমার্ধের গোলে অপরাজয়ের রেকর্ডটি ভেঙ্গে যায় তাদের। আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপের বাছাই পর্বে স্কটরা এই প্রথম জয়ের মুখ দেখলো। কিন্তু এ জয়ে সুবিধা হলো বেলজিয়ামের যারা ব্রাসেলসে অনুষ্ঠিত খেলায় সার্বিয়াকে ২-১ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে আসে। সমান সাত খেলায় অংশগ্রহণ শেষে বেলজিয়রা এখন ক্রোয়াটদের চাইতে তিন পয়েন্টে এগিয়ে থাকলো।
ইউরোপের অন্যত্র অনুষ্ঠিত খেলাগুলোয় ইটালি ‘বি’ গ্রুপে তাদের শ্রেষ্ঠত্ব অব্যাহত রাখে। তবে চেক প্রজাতন্ত্রে খেলতে গিয়ে তারা যে গোলশূন্য ড্রয়ে সক্ষম হয় তাতে ছিল ভাগ্যের ছোঁয়া। সফরকারীরা প্রথমার্ধে বেশ কয়েকবারই বিপদে পড়তে যাচ্ছিল। এমনকি খেলা শেষ হওয়ার ২০ মিনিট আগে মারিও বালোতেল্লি লাল কার্ড পেয়ে মাঠছাড়া হলে ইটালিয়দের হার নিশ্চিতপ্রায় হয়ে উঠেছিল। পর পর হলুদ কার্ড পাওয়ার কারণেই তাকে এ দুর্দশায় পড়তে হয়। শেষ মুহূর্তে চেক স্ট্রাইকার পিটর জিরাসেকের শটটিও পোস্টে লাগলে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা গ্রুপে চার পয়েন্টের অগ্রগামিতা গড়ে নেয়।
একই গ্রুপে থাকা মাল্টা ইটালিয়ানদের চ্যালেঞ্জ জানানোর কথা ভাবতেও পারে না। তারপরও এই রাউন্ডে দেশটি আর্মেনিয়ার বিরুদ্ধে যে ১-০ গোলে জিতেছে সেটিও উদযাপন করার মতো। কেননা দেশটির বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে এটি কেবল দ্বিতীয় জয়।
পর্তুগাল শুক্রবার রাশিয়ার সাথে রাজধানী লিসবনে যখন মুখোমুখি হয় সে সময়ই তারা জানতো জয় ছাড়া বাঁচার রাস্তা নেই। শেষ পর্যন্ত হেলডার পেস্টিগার ভলিতে কাঙ্ক্ষিত জয়টি পেয়ে যায় পর্তুগিজরা। রিয়াল জারাগোজার এই স্ট্রাইকার নবম মিনিটে সেই যে গোলটি দিলেন এরপর সারাক্ষণই তা ধরে রেখে গুরুত্বপূর্ণ জয়টি তুলে নিতে সমর্থ হয় স্বাগতিকরা। ইউরোপে পরবর্তী রাউন্ডের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে ৬ সেপ্টেম্বর। এই হারের পরও ‘এফ’ গ্রুপের নিয়ন্ত্রণ ফ্যাবিও ক্যাপেল্লোর কোচিংয়ে থাকা রাশিয়ার হাতেই। বিশেষ করে এখনো দুই খেলা বাকি আছে বলে। এদিকে ‘সি’ গ্রুপে দ্বিতীয় স্থানের জন্য ত্রিমুখী লড়াই চলছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সুইডেনকে ২-১ গোলে হারিয়ে প্লে-অফের স্থানটি দখলে এগিয়ে থাকলো।
