রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ দাবি করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো দীর্ঘ মেয়াদে তার ক্লাবে থাকবেন। শুধু তাই নয় তিনি হবেন ক্লাবটির ইতিহাসে আরেকজন ডি স্টেফানো।
স্পেনের মার্কাডটকমকে দেয়া সাক্ষাত্কারে পেরেজ বলেন, আমার, ক্রিস্টিয়ানোর ও রিয়াল মাদ্রিদ সমর্থকদের লক্ষ্য হলো আরো বহু বছর সে এখানে খেলবে। যখন এতগুলো মানুষ একই বিষয়ে একমত হয়, সেক্ষেত্রে এটাই বাস্তবতা হিসেবে দাঁড়িয়ে যায়। আমি নিজে এবং রিয়াল মাদ্রিদ উভয়েরই চাওয়া এটি। রোনালদোও তাই চায়।
পেরেজ দাবি করেন রোনালদোও যে এমনটা চায় তাতে কোন সংশয় নেই। এ প্রসঙ্গে সাক্ষাত্কারে রিয়াল সভাপতি ব্যাখ্যা দিয়ে বলেন, ‘বার্সায় মেসি আছে বলেই রিয়াল মাদ্রিদ রোনালদোকে চাইছে, ব্যাপারটা এমন নয়। মেসি কিংবা মেসিহীন পরিস্থিতিতেও সেই বিশ্বের সেরা খেলোয়াড়। সেজন্যই আমরা তাকে চাই।’
তিনি আরো বলেন, ‘সবচেয়ে বড় কথা এখনো তার দুবছরের চুক্তি আছে। কেউ ভাবতে পারে সে কাল চলে যাবে। কিন্তু আমরা যেটা ভাবি তা হলো সে যেন আরো বেশি সময় থাকে। আমাদের ভবিষ্যত্ কর্মসূচি তাকে ঘিরেই। দলগুলো সচরাচর কোন একজন অসাধারণ মাপের খেলোয়াড়ের ওপর নির্ভর করেই থাকে। এক সময় এটা ছিল ডি স্টেফানোকে ঘিরে। এরপর আসে জিদান। এখন এটা পরিষ্কার যে পাদপ্রদীপের সমস্ত আলো রোনালদোর ওপর। বিশ্বের সেরা খেলোয়াড়কে নিজের দলে রাখার চাইতে ভাল কিছু হতে পারে না। আমি মনে করি রোনালদো ক্লাবের ইতিহাসে ডি স্টেফানোর সাথেই উচ্চারিত হবেন।
