পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল গত রবিবার ফ্রান্সকে প্রীতি ম্যাচে ৩-০ গোলে হারিয়ে ফরাসিদের বিরুদ্ধে তাদের ২১ বছরের জয় খরা ঘোচালো। অগোছালো আক্রমণ আর দর্শকদের বিতৃষ্ণা জাগানো খেলাটিতে দ্বিতীয়ার্ধে গোল তিনটি করেন অস্কার, হার্নানেস এবং লুকাস। সাম্প্রতিক সময়ের হতাশাজনক ফলের পর এই জয়, আসন্ন কনফেডারেশন্স কাপের জন্য স্বাগতিক ব্রাজিল শিবিরে কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে।
লুই ফেলিপে স্কলারি গত নভেম্বরে দ্বিতীয় দফায় ব্রাজিলের দায়িত্ব নেয়ার পর থেকে ব্রাজিলের পারফরম্যান্স ক্রমেই হতাশ করছিল সমর্থকদের। এই ম্যাচের আগে সর্বশেষ ছয় খেলায় ব্রাজিল জিতেছিল কেবল একটিতে। শেষ পর্যন্ত প্রতিপক্ষ আর সাম্প্রতিক পারফরম্যান্স, দুটোকেই পেছনে ফেলে ১৯৯২ সালের পর ফরাসিদের বিরুদ্ধে তাদের প্রথম জয় তুলে নিল ব্রাজিল। যদিও কোন দলের পারফরম্যান্সই দর্শকদের মন ভরাতে পারেনি।
প্রায় ৫১ হাজার দর্শকের সামনে ব্রাজিলের ক্লাব গ্রেমিওর মাঠে সেলেচাও সমর্থকরা দুয়ো দিয়েছেন হাল্ক এবং নেইমারের মতো তারকাদের। স্বাগতিক খেলোয়াড়দের মধ্যে শুধুমাত্র অস্কারই নিজের নামের প্রতি কিছুটা সুবিচার করতে পেরেছেন। ইউরোপিয়ান রক্ষণের সামনে নেইমারের দুর্বলতাও ছিল চোখে পড়ার মতো। এরপরও দারুণ চাপে থাকা স্কলারি দিন শেষে ফলাফলকেই দেখতে চাইলেন মুখ্য বিষয় হিসেবে। তার পাশাপাশি দলকে গুছিয়ে নিতে আরো সময় চাইলেন। বিশ্বকাপজয়ী এই কোচ বলেন, ‘দলটা এখনো তৈরি হচ্ছে। আমরা এমন একটা দল গোছাতে চাচ্ছি যারা কিনা ম্যাচ জিততে পারে।’
দলের সম্পর্কে কথা বলার পাশাপাশি স্কলারি গ্রেমিওর এই মাঠ নিয়ে তার মধুর কিছু স্মৃতিচারণও করেন। মধ্য নব্বইয়ে এই মাঠেই কোচ হিসেবে বেশ কিছু ট্রফি জিতেছিলেন স্কলারি।
এদিন ফ্রান্সের খেলার মান ছিল ব্রাজিলের চেয়েও বাজে। এই ম্যাচের মাধ্যমে ব্রাজিল জয়ের ধারায় ফিরতে পারলেও হতাশার বৃত্তেই আবদ্ধ রইলো সাবেক বিশ্বকাপ জয়ী দলটি। নতুন কোচ দিদিয়ের দেশামের অধীনে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলে পাঁচটিতেই হারলো তারা। আর এবছরে খেলা পাঁচটি ম্যাচে শুধু একটিতেই হার এড়াতে পেরেছেন প্লাতিনি-জিদানের উত্তরসূরীরা।
দক্ষিণ আমেরিকায় সংক্ষিপ্ত সফরে এসে দুটি ম্যাচেই হারা ফরাসি আক্রমণভাগ এদিন ব্রাজিল গোলরক্ষককে পরীক্ষায় ফেলতে পেরেছে খুব কমই। হতাশা লুকানোর চেষ্টা করলেন না দেশামও। টিএফওয়ান টিভি কে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘আমাদের মাথা কিংবা পা কোনটাই ঠিকভাবে কাজ করেনি। আমরা উরুগুয়ের বিরুদ্ধে মিনিট বিশেক এবং ব্রাজিলের বিরুদ্ধে কিছুটা সময় ভালো খেলেছি। তবে যত ভালো দলের বিরুদ্ধেই খেলি না কেন, আমাদের আরো ভাল করতে হবে।’
