উইম্বলডনের ব্যাপারে আশাবাদী নন নাদাল

আপডেট : ১০ জুন ২০১৩, ২১:৪১
মাত্র একই গ্র্যান্ডস্ল্যামে আট শিরোপা জয়ের রেকর্ড গড়া রাফায়েল নাদালের সামনে এখন উইম্বলডন জিতে ২০০৮ এবং ২০১০ সালের কীর্তির পুনরাবৃত্তির সুযোগ। তবে প্যারিস ছাড়ার আগে গতকাল সোমবার নাদাল জানিয়ে দিলেন, ইনজুরি সমস্যা পুরোপুরি কাটিয়ে উঠতে না পারায় তৃতীয়বারের মতো উইম্বলডন জয়ের ব্যাপারে মোটেই আশাবাদী নন তিনি। ফ্রেঞ্চ ওপেনের অল স্প্যানিশ ফাইনালে ডেভিড ফেরারকে ৬-৩, ৬-২, ৬-৩ গেমে হারিয়ে রোলা গ্যারোতে অষ্টম শিরোপার পাশাপাশি নাদাল বেশ কয়েকটি রেকর্ডও গড়েছেন। ১৯৬৮ সালে টেনিসে ওপেন যুগ শুরু হওয়ার পর একই গ্র্যান্ডস্ল্যামে আটবার শিরোপা জয়ের রেকর্ড নেই আর কারো। সর্বোচ্চ সাতটি করে উইম্বলডন শিরোপা জিতেছেন পিট সাম্প্রাস, স্টেফি গ্রাফ, রজার ফেদেরারের মতো কিংবদন্তিরা। তবে ওপেন যুগের আগে বেশ কয়েকজনই দেখিয়েছেন আট বা ততোধিক শিরোপা জয়ের কৃতিত্ব। ফ্রান্সের ম্যাক্স ডিসুজিস, আমেরিকার মার্গারেট কোর্ট তাদের মধ্যে অন্যতম। তবে সে সময় এই টুর্নামেন্টগুলোতে নির্দিষ্ট সংখ্যক কিছু খেলোয়াড়ই কেবল অংশ নিতে পারতেন। কাজেই সেরাদের ভিড়েও অনন্য হয়েই থাকবেন নাদাল। শুধু তাই নয়, ফ্রেঞ্চ ওপেনের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডও এখন নাদালের দখলে (৫৯)। আর দ্বাদশ গ্র্যান্ডস্ল্যাম শিরোপাটি সর্বকালের সবচেয়ে সফল পুরুষ খেলোয়াড়দের তালিকায় নাদালকে তুলে এনেছে তিন নম্বরে। ১৭ এবং ১৪টি শিরোপা নিয়ে যে তালিকার শীর্ষস্থান দুটি দখল করে আছেন ফেদেরার এবং সাম্প্রাস। নাদাল এদের ছুঁতে পারবেন কিনা সেটা সময়ই বলে দেবে। ২৭ বছর বয়সী এই তারকা আপাতত ভাবছেন তার উইম্বলডন সম্ভাবনা নিয়ে। ২৬ জুন থেকে লন্ডনে শুরু হচ্ছে বছরের তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্টটি। এর মানে ক্লে কোর্ট থেকে ঘাসের কোর্টে মানিয়ে নিতে নাদাল মাত্র দুই সপ্তাহ হাতে পাচ্ছেন। স্প্যানিয়ার্ডটির জন্য ব্যাপারটা আরো কঠিন। কারণ ক্যারিয়ারের অন্যতম বড় অঘটনের শিকার হয়ে গত বছর দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয়ার পর এখন পর্যন্ত ঘাসের কোর্টে নামা হয়নি তার। ইনজুরি কাটিয়ে গত ফেব্রুয়ারিতে কোর্টে ফিরে ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতি হিসেবে এতদিন শুধু ক্লে কোর্টের টুর্নামেন্টগুলোতেই খেলেছেন তিনি। নাদালের জন্য আরো বড় দুঃসংবাদ হচ্ছে চিকিত্সকদের পরামর্শ অনুযায়ী জার্মানির হালেতে পূর্ব নির্ধারিত টুর্নামেন্টটিও খেলা হচ্ছে না তার। এতে না খেলার সিদ্ধান্তের কথা জানিয়ে নাদাল তার জার্মান ভক্তদের কাছে ক্ষমা প্রার্থনা করে ইতিমধ্যে ফেসবুকে বিবৃতিও দিয়েছেন। সব মিলিয়ে কোন ধরনের প্রস্তুতি ছাড়াই উইম্বল্ডনে যেতে হচ্ছে তাকে! ক্লে কোর্ট থেকে দ্রুতই ঘাসের কোর্টে মানিয়ে নেয়াটা সহজ নয় মোটেও। তাছাড়া নাদাল সেখানে খেলতে যাচ্ছেন প্রায় এক বছর পর। কঠিন বাস্তবতাটা মেনে নিয়ে নাদাল নিজেই জানিয়ে দিলেন, উইম্বলডন জয়ের আশা করছেন না তিনি নিজেও। নাদাল বলেন, ‘আমি উইম্বলডনের আগে কোন টুর্নামেন্ট খেলছি না। উইম্বল্ডনের মতো কোন গ্র্যান্ডস্ল্যামের আগে সেটা মোটেই আদর্শ কোন পরিবেশ নয়। কারণ, খেলা হবে ঘাসের কোর্টে এবং পরিস্থিতিও পুরোপুরিই আলাদা। একই কারণে এই টুর্নামেন্টটা অন্যসব টুর্নামেন্ট থেকে অননুমেয়।’ তবে প্রস্তুতি যে রকমই হোক না কেন টুর্নামেন্টে নিজের সর্বোচ্চ চেষ্টাটাই করবেন জানিয়ে নাদাল আরো বলেন, ‘শারীরিকভাবে পুরোপুরি সুস্থ অবস্থাতে যেন উইম্বলডনে পৌঁছাতে পারি সে চেষ্টাই আমার থাকবে। যদি সেটা না পারি আমাকে মৌসুমের বাকি অংশের দিকে তাকিয়ে থাকতে হবে। তবে তার মানে এই নয় যে, আমি সেখানে (উইম্বলডন) চেষ্টা করবো না। কারণ পুরোপুরি প্রস্তুত হয়ে সেখানে যাওয়ার জন্য আমি শতভাগ চেষ্টা করবো।’ —ডেইলি টেলিগ্রাফ