আসন্ন সুপার কাপে বিদেশি খেলোয়াড় নেই। তাই প্রতিদ্বন্দ্বীদের চেয়ে স্থানীয় খেলোয়াড়ের সংগ্রহ ভাল বলে মৌসুমের শেষ টুর্নামেন্টটাতে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিতে চায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের কনফারেন্স রুমে গতকাল সোমবার এমন আশাবাদ প্রকাশ করেন ক্লাবটির অধিনায়ক ও কোচ।
ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপসহ সর্বশেষ ঘরোয়া পেশাদার লিগের শিরোপা এরই মধ্যে তুলে নিয়েছে শেখ রাসেল। তাই মৌসুমের শেষ শিরোপা কোটি টাকার সুপার কাপ জিতে নিজেদের শক্তিমত্তা দেখাতে চায় শেখ জামাল। দলটির অধিনায়ক হাসান আল মামুন বলেন, আমি মানছি শেখ রাসেল বিদেশি খেলোয়াড়ের দিক দিয়ে আমাদের থেকে এগিয়ে আছে। তবে, দেশি খেলোয়াড়দের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। এক্ষেত্রে আমরা এগিয়ে। তাই এটাই হবে ক্লাবগুলোর আসল পরীক্ষা। আমাদের অনেক ম্যাচ উইনিং খেলোয়াড় আছে। তাই শিরোপা দিয়েই আমরা মৌসুম শেষ করতে চাই। চলতি মৌসুমের অধিকাংশ সময় শেখ জামালের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন জোসেফ আফুসে। তবে সুপার কাপে কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড় ওয়াসিম ইকবাল। অল্পদিনের মধ্যেই দলটিকে গুছিয়ে নেয়ার দায়িত্ব এখন তার কাঁধে। সংবাদ সম্মেলনে তিনিও অধিনায়কের মতোই আশাবাদ ব্যক্ত করে বলেন, অল্প কিছুদিন হল আমি শেখ জামালের সাথে আছি। দলের সবাই বেশ পরিপক্ব। তাদের নতুন করে শেখানোর কিছু নেই। সবাই যদি ফিটনেস ধরে রাখতে পারে তাহলে আমাদের জন্য সুপার কাপ বড় কোন পরীক্ষা নিয়ে আসবে না বলেই আশা করছি।
আগামী শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে সুপার কাপ, যাতে অংশ নিচ্ছে ঘরোয়া লিগের আটটি দল। ‘বি’ গ্রুপে শেখ জামালের প্রতিপক্ষ হল টিম বিজেএমসি, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। কালকের সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক ও কোচ দুজনই নিজেদের ফেভারিট বলে দাবি করেন।
হাসান আল মামুন বলেন, ‘আমাদের জন্য সুপার কাপ এক ধরনের চ্যালেঞ্জের মতো। আমরা এখন এর জন্য কাজ করছি। এখানে আমরাও ফেভারিট।’ কোচ ওয়াসিম ইকবাল বলেন, ‘সুপার কাপে প্রতিটি দলই যোগ্য। আর তাই এখানে প্রতিটি দলেরই ভাল করার সুযোগ থাকছে। সুযোগ কাজে লাগাতে পারলে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো।’
এই মৌসুমে ফেডারেশন কাপ আর স্বাধীনতা কাপের ফাইনালে উঠেও শেখ রাসেলের কাছে শেষ মুহূর্তের গোলে হারতে হয় শেখ জামালকে। এগিয়ে থেকেও কেন অগ্রগামিতা ধরে রাখতে পারছে না শেখ জামাল এমন প্রশ্নের জবাবে কোচ ওয়াসিম ইকবাল বলেন, ‘আমাদের ফিনিশিংয়ে কিছুটা দুর্বলতা ছিল। এখন আমি এসব সমস্যা সমাধানের জোর চেষ্টা চালাচ্ছি।’ অধিনায়ক মামুন বলেন, ‘আমাদের সময় কম। এরপরেও বলবো, আমরা যথেষ্ট ব্যালান্সড একটা দল। খেলার পাশাপাশি কোচ আমাদের মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো নিয়েও কাজ করেছে।’
ব্রাদার্সের লক্ষ্য সেমিফাইনাল
সুপার কাপের আরেক দল ব্রাদার্স ইউনিয়ন ২০০৫ সালের পর ঘরোয়া ফুটবলে বড় কোন সাফল্য পায়নি। তবে এবার নিজেদের হারানো সম্মান ফিরে পেতে চায় দলটি। গতকালের সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক ইউসুফ আলী খান ও কোচ মহিদুর রহমান মেরাজ জানালেন এবারের সুপার কাপে তাদের লক্ষ্য সেমিফাইনাল।
