জিম্বাবুয়ে থেকে ছুটি কাটাতে দেশে ফিরে গিয়েছিলেন শন জার্গুনসেন। গত মঙ্গলবার রাতে ঢাকায় ফেরার পর থেকেই বড় বিচলিত আছেন জাতীয় দলের কোচ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান স্পট ফিক্সিং বিতর্ক বিচলিত করে রেখেছে তাকে। তাই আগামীকাল শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্প নিয়ে কথা বলার চেয়ে বেশি ব্যস্ত থাকতে হল তাকে এই ফিক্সিং প্রসঙ্গ নিয়ে। আর সে প্রসঙ্গেই বললেন, অপরাধী হলেও ব্যাটসম্যান আশরাফুলকে খুব মিস করবেন তিনি।
কাল বিকেলে স্পট ফিক্সিং সম্বন্ধে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ‘তদন্তে যাই হোক না কেন সেটাই আমাদের মানতে হবে। এই মুহূর্তে এ বিষয়ে কিছুই বলতে পারবো না। এই সময়টা পার করাটা কঠিন ব্যাপার। আশরাফুল যদি নিষিদ্ধ হয়, তাহলে আমাদের ব্যাটিং অর্ডারের জন্য সেটা হবে বিশাল ক্ষতি। আমরা তাকে সত্যি খুব মিস করবো।’
সেই সাথে বাংলাদেশ ক্রিকেটে এমন একটি ঘটনা ক্রিকেটারদের মনেও দাগ কাটবে বলে অনেকেই মনে করছে। কোচ অবশ্য জোর দিয়েই বললেন ক্যাম্প শুরু হলে ক্রিকেটাররা সব ভুলে যাবে, ‘ক্রিকেটারদের কাজই হচ্ছে খেলা। সামনে আমাদের ক্যাম্প শুরু হচ্ছে। ঘরোয়া ও আন্তর্জাতিক খেলার দীর্ঘ বিরতির পর আমরা ক্যাম্প শুরু করতে যাচ্ছি। আমাদের সমস্ত ফোকাসটা থাকবে সেদিকেই।’
বাংলাদেশ ক্রিকেটে সামনের দিনগুলোতে বেশ ব্যস্ত সময় যাবে। অনূর্ধ্ব-১৯, ২৩ দল যাবে ইংল্যান্ডে। জাতীয় দলের ক্যাম্পও চলবে এর মধ্যে। ১৩ জুন থেকে ৩০ জনের একটি প্রাথমিক দল নিয়ে ফিটনেস ক্যাম্প শুরু করবেন জার্গুনসেন। এই ৩০ জনের মধ্য থেকে ১৯ ও ২৩ দল গঠন করা হবে। এরপর প্রিমিয়ার লিগ খেলতে অনেক ক্রিকেটার চলে যাবেন ক্যাম্প থেকে। যারা থাকবেন তাদের নিয়েই চলবে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ। কোচ এই ক্যাম্পের দিকেই মনোযোগী হতে চান, ‘১৩ জুন থেকে ক্যাম্প শুরু হবে ফোকাসটা থাকবে সেদিকে। আমাদের প্রথম কাজ হবে ফিটনেসের উপর জোর দেয়া। ২০১১ বিশ্বকাপের পর থেকে আমরা ফিটনেসের উপর জোর দিতে পারিনি। গত কয়েকমাসে খেলোয়াড়দের ইনজুরি সেটাই প্রমাণ করে দিচ্ছে। খেলোয়াড়রা ফিটনেসে উন্নতি করুক সেটা আমরা দেখতে চাই।’
এই ক্যাম্পে শীর্ষস্থানীয় সব তারকাকে ডাকা হলেও বিসিবির সিদ্ধান্ত অনুযায়ীই দূরে রাখা হচ্ছে মোহাম্মদ আশরফুলকে। সেই সঙ্গে ব্যক্তিগত ব্যস্ততায় সাকিব আল হাসান ও ক্যারিবিয় প্রিমিয়ার লিগ খেলতে যাবেন বলে তামিম ইকবাল থাকবেন না ক্যাম্পে।
প্রিমিয়ার লিগ শেষেই ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। ২০১০ সালের পর হোম অব ক্রিকেটে ফের নিউজিল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে তারা। জিম্বাবুয়ে সফরে বাজে খেলার পর এখন দেশের মাটিতে ভালো রেজাল্টের অপেক্ষায় আছে স্বাগতিকরা। কোচ হিসেবে জার্গুনসেনেরও এই সিরিজটি বড় পরীক্ষা, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা কি ফলাফল করি এটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা এই সিরিজটির ব্যাপারে সজাগ রয়েছি। সেই সাথে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার আগে আমাদের সেরা প্রস্তুতিও নিশ্চিত করতে হবে।’
ক্যাম্পে যারা ডাক পেলেন
মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাসির হোসেন, ইলিয়াস সানি, জিয়াউর রহমান, মাশরাফি বিন মুর্তজা, জহুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, নাঈম ইসলাম, শফিউল ইসলাম, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, রুবেল হোসেন, মোশাররফ হোসেন রুবেল, মোমিনুল হক, শামছুর রহমান শুভ, মার্শাল আইয়ুব, শাহরিয়ার নাফীস, শাহাদাত হোসেন রাজিব, রবিউল ইসলাম, ইমরুল কায়েস, রকিবুল হাসান, ফরহাদ রেজা, সাকলাইন সজিব, মেহরাব হোসেন, নাজমুল হোসেন মিলন, সাজেদুল ইসলাম ও জুনায়েদ সিদ্দিক।
