শুনানিতে দোষী সাব্যস্ত হওয়ায় ওয়েস্ট ইন্ডিজ উইকেটরক্ষক দিনেশ রামদিনকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে আইসিসি। একই সাথে তার ম্যাচ ফি’র পুরোটাই জরিমানা করা হয়েছে। এই নিষেধাজ্ঞার কারণে রামদিন ভারতের বিপক্ষে মঙ্গলবারের এবং ১৪ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির দুটি ম্যাচে খেলতে পারছেন না।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানী অধিনায়ক মিসবাহ-উল-হকের একটি ক্যাচ ভুলভাবে ধরার পরে তা দাবি করায় রামদিনকে অভিযুক্ত করে ম্যাচ রেফারি ক্রিস ব্রড। রামদিন এই অভিযোগের ব্যাপারে কোন আবেদন না করলে আইসিসি তার শুনানির ব্যবস্থা করে যেখানে সে দোষী সাব্যস্ত হয়। আইসিসি’র এক বিবৃতিতে শাস্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ব্রড তার সিদ্ধান্ত জানাতে গিয়ে বলেন, ‘ম্যাচের স্পিরিট বজায় রাখার বিষয়টি প্রতিটি খেলোয়াড়ের নৈতিক দায়িত্ব। কিন্ত এই ধরনের ঘটনা খুবই গুরুতর অপরাধ। আমি মনে করি রামদিন এই ঘটনা থেকে শিক্ষা নেবে। ভবিষ্যতে আমরা তার কিংবা অন্য কোন খেলোয়াড়ের কাছ থেকে এ ধরনের ব্যবহার দেখতে চাই না।’
