গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা বন্ধ করে দিয়েছে সরকার

আপডেট : ১২ জুন ২০১৩, ২০:৪৬
অর্থ বাঁচানোর লক্ষ্যে গ্রিসের সরকার অপ্রত্যাশিতভাবে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার রাতে সংবাদ চলার সময় দর্শকরা রাষ্ট্রীয় টিভি চ্যানেলের পর্দাটি কালো হয়ে যেতে দেখেন। এ সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম, হেলেনিক ব্রডকাস্টিং কর্পোরেশন বা ইআরটি কার্যালয়ের সামনে হাজার-হাজার মানুষ জড়ো হয়েছেন। সরকারের একজন মুখপাত্র ইআরটির অপচয়ের মাত্রাকে একটি কেলেঙ্কারি হিসেবে বর্ণনা করেছেন। সংস্থাটির আড়াই হাজার কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। যদিও তাদেরকে ক্ষতিপূরণ দেয়া হবে এবং সংস্থাটি আবারো ছোট আকারে চালু হলে তারা সেখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। গ্রিসের অর্থনৈতিক মন্দা কাটানোর লক্ষ্যে দেশটির সরকারের নেয়া একের পর এক ব্যয় সংকোচন এবং কর বৃদ্ধির সিদ্ধান্তের পর এবার বন্ধ করে দেয়া হলো রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম, ইআরটি। সরকারের মুখপাত্র বলেছেন, ইআরটি হচ্ছে অস্বচ্ছতা এবং অপচয়ের একটি অনন্য উদাহরণ, যা এখনই বন্ধ করা হলো।