বিশ্বকাপ ২০১৪ বাছাই

সুইডেনের জয়

আপডেট : ১২ জুন ২০১৩, ২১:৫৮
ক্লাবের ফর্মটাকে জাতীয় দলেও ধরে রেখেছেন ইব্রাহিমোভিচ। ফারো আইল্যান্ডকে তারই জোড়া গোলে গত মঙ্গলবার বিশ্বকাপ ২০১৪ বাছাইপর্বের খেলায় ২-০ গোলে হারিয়েছে সুইডেন। এই জয়ের ফলে ইউরোপীয় অঞ্চল থেকে ব্রাজিল বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা ভালভাবেই জিইয়ে রাখল সুইডিশরা। অন্যদিকে তাদের স্ক্যান্ডিনেভিয়ান প্রতিবেশি ডেনমার্ক সফরকারী আর্মেনিয়ার কাছে ৪-০ গোলে হেরে গেছে। প্যারিস সেইন্ট জার্মেইয়ের স্ট্রাইকার ইব্রাহিমোভিচ প্রথম গোলটি করেছিলেন প্রথমার্ধ শেষের দশ মিনিট আগে। পেনাল্টি থেকে দল এবং নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি খেলা শেষের আট মিনিট আগে। সুইডেন সব মিলিয়ে সহজ জয় পেয়েছে। তবে ৭৯ মিনিটে সুইডেনের আন্দ্রেস গ্রাঙ্কভিস্ট লাল কার্ড নিয়ে মাঠ ছাড়েন। দশজনের দল নিয়েও জয় পেতে বেগ পেতে হয়নি সুইডিশদের। এরিক হেমরেনের দলটি ইউরোপ অঞ্চলে গ্রুপ ‘সি’তে বাছাইয়ের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে ফিরে এসেছে এই জয় নিয়ে। ছয় ম্যাচে ১১ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে সুইডেন। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা জার্মানিতে থেকে তারা পাঁচ পয়েন্ট পেছনে। সমান ১১ পয়েন্ট নিয়ে অস্ট্রিয়া দ্বিতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে আয়ারল্যান্ড। কোপেনহেগেনে আর্মেনিয়ার কাছে হেরে যাওয়ায় টানা তৃতীয়বার বিশ্বকাপে খেলার আশা ধূসর হয়ে গেছে ডেনমার্কের (গ্রুপ বি)। ফিনল্যান্ড (গ্রুপ আই) এদিকে ১-১ গোলে ড্র করে স্বাগতিক বেলারুশের সাথে। ফিনল্যান্ড পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্স থেকে তারা চার পয়েন্টে পিছিয়ে।