আগেই শিরোপা জিতে নেয়া চট্টগ্রাম আবাহনী গতকাল বুধবার প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের শেষ খেলায় ৩-০ গোলে হারালো ঢাকার ইউনাইটেড ক্লাবকে। দলের পক্ষে মাসুদ মিয়া, সোহেল মিয়া ও জাভেদ গোল করেন।
চট্টগ্রাম আবাহনী ১৪ খেলায় ৩০ পয়েন্ট পেলো। অন্যদিকে রানার্স আপ উত্তর বারিধারা ক্লাব ১৪ খেলায় পেয়েছে ২৫ পয়েন্ট। উভয় দলই আগামী বছর থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলবে। চট্টগ্রাম আবাহনী অবশ্য পেশাদার ফুটবলের শুরুতেই লিগটিতে ছিল। কিন্তু ২০১০ সালে দলটি রেলিগেশনে পড়ে। অবনমনের পর চট্টগ্রাম আবাহনী পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে খেলে দীর্ঘ দুই বছরের লড়াই শেষে চ্যাম্পিয়ন হয়ে আবার ফিরে এলো মূল স্তরে।
গতকাল বুধবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে বিরতির আগে বৃষ্টি শুরু হলে মাঠে পানি জমে যাওয়ার অজুহাতে ৪২ মিনিটে ইউনাইটেড ফুটবলাররা খেলতে অস্বীকৃতি জানায়। স্বাগতিক দল তখন ৩-০ ব্যবধানে এগিয়ে। রেফারী মাহমুদ হাসান মামুন তাদের খেলতে আহ্বান জানালেও অতিথি খেলোয়াড়রা তাদের দাবিতে অনড় থাকেন। রেফারীও ৪০ মিনিট অপেক্ষা করে খেলার শেষ বাঁশি বাজিয়ে মাঠ ত্যাগ করেন।
বিধি অনুযায়ী চট্টগ্রাম আবাহনী দুই গোলের সুবিধাসহ তিন পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়। রেফারী মামুন খেলা শেষে জানান, এই ধরনের বৃষ্টিতেও খেলা পরিচালনা করা সম্ভব। তাই আমি তাদেরকে খেলে যেতে আহ্বান করি।
চ্যাম্পিয়নশীপ ফুটবল লিগে চট্টগ্রাম আবাহনী ১৪টি খেলায় নয়টি জয়, তিন ড্র ও দুটিতে হেরে যায়। লিগের শুরুতে দুর্দশায় পড়লেও পরবর্তীতে কোচ নজরুল ইসলাম লেদুর তত্ত্বাবধানে ক্রমাগত ভাল খেলে লক্ষ্যে পৌঁছে যায় দলটি।
চট্টগ্রাম আবাহনীর অন্যতম কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম এই সাফল্যের জন্য কর্মকর্তা, কোচ ও খেলোয়াড়দের সম্মিলিত প্রচেষ্টার কথা বলেন। কোচ লেদু বলেন, আমার লক্ষ্য ছিল দলকে চ্যাম্পিয়ন করা। দল চ্যাম্পিয়ন হয়েছে এতে আমি খুবই আনন্দিত। খেলোয়াড়দের প্রতি আমার অভিনন্দন ও শুভ কামনা রইলো।
দলনায়ক শওকত হোসেন খুবই আনন্দিত। কেননা তার দল চ্যাম্পিয়নশীপ ফুটবল লিগে শিরোপা জিতে এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে যাবে। এজন্য তার ভালো লাগছে। চ্যাম্পিয়নশীপ অর্জন করায় দলের কর্মকর্তা, খেলোয়াড় ও সমর্থকদের তিনি ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চট্টগ্রাম আবাহনী :
ধীমান বড়ুয়া, শওকত খান, আহসানুল হক মিলন, মাসুক মিয়া, ইসমাইল জাহেদ, সোহেল মিয়া, জাভেদ খান, আবদুল হান্নান রাজু, আশিক আহমেদ, নজরুল ইসলাম, নাহিদ উদ্দিন।
ইউনাইটেড ক্লাব :
মোহাম্মদ শাহীন, মোহাম্মদ জাকির হোসাইন, নজরুল ইসলাম, সাজিম, রিপন খান, অনুজ আল সাদ, সুজন হোসাইন, সোহেল, রাব্বি ভূঁইয়া, শিহাব, আজম খান সাগর।
