এবার মারামারি করলেন ওয়ার্নার

আপডেট : ১২ জুন ২০১৩, ২২:০৭
বিতর্ক ডেভিড ওয়ার্নারের জন্য নতুন কিছু নয়। এবার ইংল্যান্ডের এক খেলোয়াড়ের উপর ‘বিনা প্ররোচনায় শারীরিক আঘাত’ করার অভিযোগ উঠেছে অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যানের বিপক্ষে। সেই ঘটনার জের ধরে চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির গতকালের ম্যাচে খেলাও হয়নি ওয়ার্নারের। বার্মিংহামের একটি বারে সংঘটিত এই ঘটনার সঙ্গে জড়িত ইংলিশ খেলোয়াড়টি জো রুট বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সত্যতা প্রমাণিত হলে হয়তো অল্পতে পার পাবেন না ওয়ার্নার। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, আচরণ বিধি বিষয়ক সভার পরই সিদ্ধান্ত নেয়া হবে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হচ্ছে। সম্ভাব্য শাস্তি হিসেবে ওয়ার্নারকে দেশেও ফেরত পাঠানো হতে পারে। অন্যদিকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এই মারামারির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, এ ঘটনায় ওয়ার্নারই উস্কানি দিয়েছেন। ইসিবি তাদের বিবৃতিতে আরো বলে, ঘটনার সঙ্গে জড়িত ইংলিশ খেলোয়াড়টির এতে কোন হাত ছিল না। গত শনিবার ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ শেষ হলে রাত প্রায় দুইটার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার বিস্তারিত বিবরণ কোন পক্ষই প্রকাশ না করলেও, জড়িত ইংলিশ খেলোয়াড়টি জে রুট বলে ধারণা করা হচ্ছে। ওয়ার্নার ইতিমধ্যে রুটের কাছে ক্ষমা চেয়েছেন বলেও জানা গেছে। ইসিবির বিবৃতি অনুসারে, ‘ওয়ার্নার তার অগ্রহণযোগ্য আচরণের কথা স্বীকার করে ঐ খেলোয়াড়ের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। এবং সেও (ইংলিশ খেলোয়াড়) তাকে ক্ষমা করে দিয়েছে।’ ইসিবি তাদের বিবৃতিতে জানায়, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে পাওয়া একটি বিবৃতির মাধ্যমে ইসিবি নিশ্চিত করছে, ডেভিড ওয়ার্নার বিনা উস্কানিতে ইংল্যান্ড দলের একজন খেলোয়াড়কে শারীরিক আঘাত করেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ড যেদিন ৪৮ রানে জয় পায় সেদিনই বার্মিংহামের একটি বারে এই ঘটনা ঘটে।’ ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘আচরণ বিধির’ ধারা ছয় অনুসারে ওয়ার্নারের শাস্তি নির্ধারিত হবে। এই ধারায় খেলোয়াড়দের যে কোন অপ্রীতিকর ঘটনার সঙ্গে নিজেদের না জড়ানোর জন্য বলা হয়েছে। উল্লেখ্য, মাত্র চার সপ্তাহ আগে টুইটারে দুই জন অস্ট্রেলীয় সাংবাদিকের কথা কাটাকাটির খেসারত হিসেবে প্রায় সাড়ে পাঁচ হাজার ডলার জরিমানা গুনতে হয় ওয়ার্নারকে। এ ঘটনার পরে নিজের ভুল স্বীকার করে ওয়ার্নার বলেন, ‘এ সবকিছু ভুলে নতুন করে সামনে এগিয়ে যেতে চাই।’ বোঝাই যাচ্ছে, নতুন করে সামনে এগিয়ে যাওয়াটা মোটেই সহজ হবে না এই বাঁ হাতি হার্ডহিটারের জন্য। ধারণা করা হচ্ছে, দোষী প্রমাণিত হলে শেষ হয়ে যেতে পারে ওয়ার্নারের অ্যাশেজ সম্ভাবনাও।