ফুটবল কিংবদন্তি পেলের উপস্থিতিতে রিওডি জেনিরোর কোপাকাবানা সমুদ্র সৈকতে গত বুধবার শুরু হলো ২০১৪ বিশ্বকাপের কাউন্ট ডাউন বা ক্ষণ গণনা। এক বছর পর এই ব্রাজিলেই শুরু হবে বিশ্বকাপ ফুটবলের। প্রয়াত স্থপতি অস্কার নিয়েমেয়েরের নকশাকৃত একটি সুবিশাল ঘড়িতে চলবে বিশ্বকাপের ক্ষণ গণনা। নিয়েমেয়ার ব্রাজিলের মানুষের কাছে আদর্শ। গত বছর তিনি ১০৪ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন। ঘড়িটির যন্ত্রাংশ তৈরি করেছে হুবলট। ১৯৫০ সালের পর এই প্রথম বিশ্বকাপের আয়োজক হয়েছে ব্রাজিল। সেই বিশ্বকাপের ফাইনালে উরুগুয়ের কাছে হেরে গিয়েছিল স্বাগতিক ব্রাজিল।
আগামী বছর ১২ জুন শুরু হবে ২০তম ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের জন্য ব্রাজিলের দূত নির্বাচিত করা হয়েছিল কিংবদন্তি পেলেকে। তিনি ক্ষণ গণনা শুরু হওয়ার পর বলেন, ‘আমরা অসাধারণ একটি বিশ্বকাপ মঞ্চায়ন করতে যাচ্ছি। আমরা আত্মবিশ্বাসী।’
তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন পেলের সাথে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ব্রাজিলের ক্রীড়া মন্ত্রী আলসো রেবেলো, ফিফার সাধারণ সম্পাদক জেরোমে ভ্যালচকেভালকে, রিও’র মেয়র এডয়ার্ডো পয়েস এবং হুবলট প্রেসিডেন্ট জিন ক্লডে বিভার। বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির চেয়ারম্যান জোসে মারিয়া মারিন ক্ষণ গণনার অনুষ্ঠানে বলেন, ‘ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপের প্রস্তুতিতে এটি আমাদের আরো একটি স্মরণীয় মাইলফলক।’ ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার এই অনুষ্ঠানের জন্য পাঠানো বার্তায় লিখেছেন, ‘খুবই আনন্দিত।’ ওই বার্তায় তিনি বলেন, ‘ব্রাজিল শুধু ফুটবলেই শক্তিধর নয়, অর্থনীতিতেও। আমি নিশ্চিত ফিফা বিশ্বকাপের মহিমা ব্রাজিলকে সামাজিক ও সংস্কৃতির মূলবোধের নিরিখেও নেতৃত্বে পৌঁছাবে।’
ক্ষণ গণনার ঘড়িটি উম্মোচিত হলো কনফেডারেশন কাপ শুরুর যখন আর তিনদিন বাকি। দুই সপ্তাহের এই টুর্নামেন্টে লড়বে আটটি দেশ- ব্রাজিল, স্পেন, ইতালি, জাপান, মেক্সিকো, নাইজেরিয়া, তাহিতি এবং উরুগুয়ে। প্রতিটি বিশ্বকাপের এক বছর আগে টুর্নামেন্টটি মূলত মহড়া হিসেবেই অনুষ্ঠিত হয়ে থাকে।
আগামীকাল শনিবার ব্রাজিল স্বাগতিক হিসেবে রাজধানী ব্রাসিলিয়ায় কনফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচে এশিয় চ্যাম্পিয়ন জাপানের মোকাবেলা করবে। পেলে বলেন, ‘আমি আশা করব নয় বছর বয়সে আমার যে অভিজ্ঞতা হয়েছিল তা আর হবে না। ১৯৫০ সালে আমার বাবা রেডিওর সামনে কেঁদেছিলেন।’ উল্লেখ্য, ১৯৫০ সালের বিশ্বকাপ ফাইনালে স্বাগতিক ব্রাজিল ২-১ গোলে উরুগুয়ের কাছে পরাজিত হয়েছিল।
