শীর্ষ বাছাই রজার ফেদেরার জার্মানির হালেতে চলমান ম্যাক্স ওয়েবার ওপেনের কোয়ার্টার ফাইনালে পা রেখেছেন। দ্বিতীয় রাউন্ডে গত বুধবার ফেদেরার ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে আসা মার্সেল স্টেবকে ৬-৩, ৬-৩ গেমে হারান । শেষ আটে পা রেখেছেন ষষ্ঠ বাছাই ফিলিপ কোলস্ক্রেইবার এবং ফ্রান্সের জোয়েল মনফিলসও।
টুর্নামেন্টের প্রথম রাউন্ডে বাই পাওয়ার কারণে গত বুধবারের ম্যাচটি দিয়েই মূলত শুরু হয় ফেদেরারের উইম্বল্ডনের প্রস্তুতি। এই সুইস সুপারস্টারকে ম্যাচে ঠিক পরিচিত রূপে দেখা না গেলে, অখ্যাত জার্মান প্রতিপক্ষ তাকে খুব বেশি ঝামেলায় ফেলতে পারেননি। সরাসরি সেটে স্টেবকে উড়িয়ে দিয়ে উইম্বল্ডনে শিরোপা ধরে রাখার প্রস্তুতিটা দারুণভাবেই শুরু করলেন তিনি।
অন্যদিকে মনফিলস এদিন সরাসরি সেটে হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের জ্যান হেমাইককে। ম্যাচের ফল ছিল ৬-২, ৬-৩। জয়ের পর মনফিলস বলেন, ‘আমি খুশি। আমি আসলে এখানে মজা পাচ্ছি। ঘাসের কোর্ট আমার খুব পছন্দের না। তবে আমি এখানেও ভালো কিছু করার চেষ্টা করছি। আর এজন্য আমাকে ম্যাচে আরো একনিষ্ঠ হতে হবে।’ তবে ম্যাচের পরপরই একটা দু:সংবাদও শুনিয়েছেন এই ফরাসি। মনফিলস ঘোষণা করেন, ব্যক্তিগত কারণে উইম্বল্ডনে খেলা হচ্ছে না তার। যদিও কারণটি ব্যাখ্যা করেননি তিনি।
এদিকে স্বাগতিক দেশের কোলস্ক্রেইবার ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন তার স্বদেশী টেবিয়াস কামকেকে। অন্যদিকে চতুর্থ বাছাই জাপানের কেই নিশিকরিকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছেন রাশিয়ার মিখাইল ইয়ুঝনি। তিন সেটের দারুণ এক লড়াই শেষে তিনি ৬-১, ৬-৭ (৪-৭), ৬-৩ গেমে হারিয়েছেন টুর্নামেন্টে একমাত্র এশিয়ান তারকাটিকে।
