বাফুফের নির্দেশে চ্যাম্পিয়নশীপ ফুটবলের শেষ ম্যাচটি পুনরায় অনুষ্ঠিত হলে তাতেও জিতলো আগেই চ্যাম্পিয়ন হওয়া চট্টগ্রাম আবাহনী।
গত বুধবার চট্টগ্রাম আবাহনী ও ঢাকা ইউনাইটেড ক্লাবের মধ্যকার খেলাটি ৪২ মিনিট চলার পর বৃষ্টি নামলে মাঠে পানি জমে যায়। এ কারণে অতিথি দলের খেলোয়াড়রা খেলতে অস্বীকৃতি জানায়। রেফারির অনুরোধেও তারা আর খেলায় ফিরে আসেননি। সেসময় স্বাগতিক দল ৩-০ গোলে এগিয়ে ছিল এবং রেফারি ৪০ মিনিট অপেক্ষা করে বাঁশি বাজিয়ে মাঠ ছাড়েন।
কিন্তু বাফুফে খেলাটিকে পরিত্যক্ত ঘোষণা করে পুনরায় অনুষ্ঠানের নির্দেশ দেয়। গতকাল খেলাটি আবার মাঠে গড়ালে এ দফায় চট্টগ্রাম আবাহনী ৪-০ গোলে হারায় ইউনাইটেডকে। দলের পক্ষে পলাশ হ্যাটট্রিক করেন। অন্য গোলটি করেন সোহেল মিয়া।
