বাসায় বসে সারাক্ষণ কম্পিউটার টিপে গেম খেলতে থাকা ছেলেটির ওপর রাগ করেন না, এমন বাবা-মা খুঁজে পাওয়া মুশকিল। সবারই এক কথা, কী হবে এই গেম খেলে? গেম খেলে কী হবে, সেটা এখনও বোঝা না গেলেও; গেম বানিয়ে যে অনেক কিছুই হতে পারে, তার প্রমাণ দিলেন ভাগার হাসেনজাদে। বিশ্বখ্যাত ‘ফুটবল ম্যানেজার’ সিরিজের গেমের এই তরুণ নির্মাতা ভাগার হাসানজাদেকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আজারবাইজানের নামকরা ক্লাব এফসি বাকু। এই নিয়োগ পাওয়ার ভেতর দিয়ে ফুটবল বিশ্বে তোলপাড় তুলে ফেলা হাসানজাদে একটি রেকর্ডও করে ফেলেছেন—প্রাপ্ত তথ্য মতে এখন বিশ্বের কনিষ্ঠতম পেশাদার ফুটবল কোচ ২২ বছর বয়সী এই তরুণ!
কার্যত ফুটবল বিষয়ে হাসানজাদের একমাত্র অভিজ্ঞতাই হল এই ‘ফুটবল ম্যানেজার’ গেম বানানো এবং সেটা খেলে। আজারবাইজানেই জন্ম ও সুইডেনে বেড়ে ওঠা তরুণ এই প্রতিভাধর সফটওয়্যার নির্মাতাকে বাকু এফসির মালিক বছর দুয়েক আগে কৌতূহল থেকেই স্বাক্ষাত্ করতে বলেছিলেন। তারপর দলের ব্যবস্থাপনা সংক্রান্ত একটা চাকরি দেয়া হয় তাকে। আর এই চাকরিতে ভালো করেই এখন মূল দলের কোচ হয়ে গেছেন হাসানজাদে।
অবশ্য হাসানজাদে বলছেন, তার অভিজ্ঞতা শুধু গেম বানানো বা গেম খেলা নয়। এই দু’ বছর দলের সঙ্গে থেকেও অনেক কিছু শিখেছেন। একটা বিষয় সবচেয়ে বেশি করে শিখেছেন, ‘বাস্তব জীবনের খেলোয়াড়রা গেমের মতো নয়। এখানে সবাই যার যার ইচ্ছেমতো নড়াচড়া করে। আর এদের বুঝতে পারাটাই হল আসল চ্যালেঞ্জ।’
