গোদাগাড়ীতে বেড়েই চলেছে নারীর প্রতি সহিংসতা

আপডেট : ১৪ জুন ২০১৩, ২১:০০
রাজশাহীর গোদাগাড়ীতে নারীর প্রতি সহিংসতা বেড়েই চলেছে। দরিদ্রতা ও অর্থাভাবে অধিকাংশ নির্যাতিত নারী আইনী আশ্রয় নিতে পারছেন না। বাল্যবিবাহ ও যৌতুকের কারণে সমাজে বেশি নারী নির্যাতনের ঘটনা ঘটছে। ২০১১ সালে যে নির্যাতনের ঘটনা ঘটেছে ২০১২ সালে ঘটেছে তার চেয়ে অনেক বেশি নারী নির্যাতন। গোদাগাড়ী মডেল থানায় ২০১১ সালে নারী নির্যাতনের অভিযোগে ১৭টি মামলা হয়। আর ২০১২ সালে এ অভিযোগে মামলা হয় ২৯টি। ২০১৩ সালের মে মাস পর্যন্ত ৯টি নারী নির্যাতনের মামলা হয়েছে। উপজেলা মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০১২ সালে উপজেলা নারী ও শিশু নির্যাতন কমিটির কাছে অভিযোগ আসে ৮টি। ২০১৩ সালে মে মাস পর্যন্ত অভিযোগ ১০টি। এ প্রসঙ্গে মডেল থানার ওসি আবু মোকাদ্দেম আলী বলেন, প্রতিমাসেই ৬ থেকে ১০টি নারী নির্যাতনের অভিযোগ আসে। কিন্তু প্রাথমিক তদন্তের জন্য পুলিশ গেলে উভয়পক্ষ সমঝোতার জন্য আবেদন জানালে অভিযোগগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদ ও পৌরসভার জনপ্রতিনিধির কাছে পাঠিয়ে দেয়া হয়। এতে থানায় নারী নির্যাতনের মামলা দায়ের কম হচ্ছে।