কনফেডারেশন কাপ শুরু আজ

আপডেট : ১৪ জুন ২০১৩, ২১:৩৫
ব্রাজিল আজ শনিবার কনফেডারেশন কাপের উদ্বোধনী খেলায় জাপানের মোকাবেলায় মাঠে নামলেও স্বাগতিক কোচ লুই ফিলিপ স্কোলারির চোখ থাকবে আগামী বছর নিজেদের মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপের দিকেই। যদিও ফুটবলের সবচাইতে বড় আসরটি এখনো প্রায় বছর খানেক দূরে। স্কোলারি ১১ বছর আগে টোকিওতে ব্রাজিলকে পঞ্চম বিশ্বকাপটি জেতানোর পর দ্বিতীয়বারের মতো ‘সেলেচাও’দের হাল ধরেছেন। তার ফিরে আসাই প্রমাণ করে ফুটবল পরাশক্তি ব্রাজিলের ক্রীড়ামোদীরা মাঝের সময় কোন অর্জন না থাকায় আরেকটি সাফল্যের জন্য কতটা মরিয়া হয়ে আছেন। নভেম্বরে দায়িত্ব নেয়া স্কোলারি জানিয়ে রেখেছেন কনফেডারেশন কাপ তার মূল লক্ষ্য নয় এবং রাতারাতি সাফল্য এনে দেয়ার কোন রসায়ন তার কাছে নেই। তারপরও মহাদেশীয় এবং বিশ্বকাপের প্রস্তুতিমূলক এ প্রতিযোগিতায় চাপ বাড়াতে ব্রাজিলের সাথে একই গ্রুপে আছে চারবারের এশিয় চ্যাম্পিয়ন জাপান, অলিম্পিক ফাইনালে তাদের হারিয়েই শিরোপা জেতা মেক্সিকো এবং চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইটালি। কনফেডারেশন কাপের প্রাক্কালে ব্রাজিলের তারকা স্ট্রাইকার নেইমার জানিয়েছেন তারা জাপান দলকে হালকা করে দেখছে না। বিশেষ করে যখন অভিজ্ঞ ইটালিয় কোচ আলবার্তো জ্যাচ্চেরোনির পরিচালনায় এশিয় চ্যাম্পিয়নরা ইতিমধ্যেই ২০১৪ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে রেখেছে। এছাড়াও দলটিতে আছেন ম্যানচেস্টার ইউনাইটেড খ্যাত শিনজি কাগওয়া। বার্সেলোনায় নাম লেখানো নেইমার এ প্রসঙ্গে বলেন, ‘জাপান দলটি খুবই বৈচিত্র্যময়, তাদের হালকাভাবে নেয়া যাবে না। কেইসুকে হোনডা এবং কাগওয়া দুর্দান্ত খেলোয়াড়। তাছাড়া দলটি সামগ্রিকভাবে আপনাকে কড়া পাহারায় রাখবে।’ জাপান দল জানিয়েছে তারা পোল্যান্ডে ব্রাজিলের বিরুদ্ধে যেভাবে খেলেছে এবার আর তা করবে না। এছাড়া স্ট্রাইকার ফ্রেড-এর ওপর নজর রাখবে। ফ্রেড ব্রাজিলের হয়ে সর্বশেষ ছয়টি আন্তর্জাতিক খেলায় পাঁচ গোল করেছে। এর মধ্যে ওয়েম্বলি ও রিওতে ইংল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত খেলায় দুই গোল করেছেন তিনি। মিডফিল্ডার ইয়াসুহিতো এনডো বলেন, ‘ব্রাজিল খুবই শক্তিশালী দল এবং আমাদের নিশ্চিত করতে হবে যে তারা পোল্যান্ডে যা করেছিল তার যেন পুনরাবৃত্তি না হয়। আমরা এ দফায় নজর কাড়ার মতো খেলবো। কেননা এতে অনেক কিছু প্রমাণের আছে।’ অপরদিকে ব্রাসিলিয়ায় অনুশীলনের ফাঁকে ডিফেন্ডার মায়া ইয়োশিদা বলেন, ‘আমরা জানি ব্রাজিল শক্তিশালী। কিন্তু আমরা তাদের চমকে দিয়ে জিততে চাই। স্ট্রাইকার শিনজি ওকাজাকি জানান, জাপান এ খেলাটিতে জয়ের জন্য খাটছে। ‘সেলেচাও’রা ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারলে ২৬ জুনের সেমিফাইনালে দক্ষিণ আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন দল উরুগুয়ে নয়তো আফ্রিকান চ্যাম্পিয়ন নাইজেরিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেতে পারে। ধারণা করা হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হবে। তাই ব্রাজিল যদি নিজেদের গ্রুপে রানার্স আপ হয় তাহলে স্প্যানিশদের মোকাবেলা করতে হতে পারে। এএফপি/সুপারস্পোর্ট গোল না পেলেও নির্ভার নেইমার ব্রাজিলের সুপারস্টার নেইমার গত বৃহস্পতিবার জানান, আগের নয় ম্যাচে গোল না পেলেও তিনি চিন্তিত নন। সম্প্রতি স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার সাথে চুক্তিবদ্ধ হওয়া এই তারকা খেলোয়াড় কনফেডারেশন্স কাপে স্বাগতিকদের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছেন। আজ শনিবার কনফেডারেশন্স কাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ব্রাজিল এশিয়ার চ্যাম্পিয়ন জাপানের মোকাবিলা করবে। এই খেলাটিতেও ২১ বছর বয়সী নেইমারই থাকবেন মূল আকর্ষণ। নেইমার জানান, তার মূল উদ্দেশ্য দলকে সাহায্য করা। তিনি সংবাদ সম্মেলনে বলেন,‘আমি গোল করি বা না করি এটা কিছু বোঝায় না। আমি ব্রাজিলিয়ান দলের একজন হিসেবে গর্বিত। জাতীয় দলে আমি কখনো সান্তোসের মতো আচরণ করি না। কারণ সেখানে সবাই আমাকে জানে। এখানে এখনো আমাকে তাদের জানার ব্যাপার আছে। আমরা এখনো আমাদের সেরা দল গড়ার চেষ্টা করছি এবং আমি আমার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় খেলতে যাচ্ছি। আমি প্রতিটি অনুশীলন পর্বে প্রতিটি দিন নিজের উন্নতি ঘটাচ্ছি।’ নেইমার শনিবার আবারো মোহনীয় দশ নম্বর জার্সি গায়ে দিয়েই মাঠে নামবেন। পেলে একসময় সান্তোস ও ব্রাজিলের হয়ে দশ নম্বর জার্সি পড়তেন। কিন্তু নেইমার জানালেন, দশ নম্বর জার্সিতে তিনি কোন বাড়তি চাপ অনুভব করছেন না। তিনি বলেন,‘আমি মনে করি নম্বরের কোন গুরুত্ব নেই। তবে ব্রাজিলের জার্সি? হ্যাঁ।’ ‘এ’ ব্রাজিল, ইটালি, জাপান, মেক্সিকো ‘বি’ নাইজেরিয়া, স্পেন, তাহিতি, উরুগুয়ে ফি ক শ্চা র ১৫ জুন : ব্রাজিল-জাপান, রাত ১টা ১৬ জুন : মেক্সিকো-ইটালি, রাত ১টা ১৬ জুন : স্পেন-উরুগুয়ে, রাত ৪টা ১৭ জুন : তাহিতি-নাইজেরিয়া, রাত ১টা ১৯ জুন : ব্রাজিল-মেক্সিকো, রাত ১টা ১৯ জুন : ইটালি-জাপান, রাত ৪টা ২০ জুন : স্পেন-তাহিতি, রাত ১টা ২০ জুন : নাইজেরিয়া-উরুগুয়ে, রাত ৪টা ২২ জুন : ইটালি-ব্রাজিল, রাত ১টা ২২ জুন : জাপান-মেক্সিকো, রাত ১টা ২৩ জুন : নাইজেরিয়া-স্পেন, রাত ১টা ২৩ জুন : উরুগুয়ে-তাহিতি, রাত ১টা সেমিফাইনাল ২৬ জুন : প্রথম সেমিফাইনাল গ্রুপ এ জয়ী-রার্নাস আপ গ্রুপ বি, রাত ১টা ২৭ জুন : দ্বিতীয় সেমিফাইনাল গ্রুপ বি চ্যাম্পিয়ন-গ্রুপ এ রার্নাস আপ, রাত ১টা ৩০ জুন তৃতীয়স্থান নির্ধারণী (রাত ১০টা) ও ফাইনাল (রাত ৪টা)