রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো স্পেনে নিজের ভবিষ্যত্ নিয়ে সংশয়ে রয়েছেন। গত বৃহস্পতিবার তিনি জানান মাদ্রিদের সাথে তার চুক্তি এখনো নবায়ন হয়নি। টুইটারে পর্তুগীজ এই ফুটবলার লেখেন, ‘রিয়াল মাদ্রিদের সাথে আমার চুক্তি নবায়নের যত খবর বেরিয়েছে সব মিথ্যা।’
অবশ্য রোনালদো এরচেয়ে বেশি কিছু জানাননি। রিয়াল মাদ্রিদের সাথে রোনালদোর বর্তমান চুক্তিটি শেষ হবে ২০১৫ সালে। রোনালদোর ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই এবং মোনাকোয় যেতে পারেন বলেও আলোচিত হচ্ছে।
চার বছর আগে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে এসেছিলেন রোনালদো। ওল্ড ট্রাফোর্ডেও ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার। রোনালদো চুক্তি নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছেন বলে খবর প্রকাশ হলে রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ দুই সপ্তাহ আগে তা উড়িয়ে দিয়েছেন।
পেরেজ স্প্যানিশ মিডিয়াকে বলেন, ‘এই তথ্যটি ভুল পথে পরিচালিত হয়েছে। আমি আরো বিশদে যাচ্ছি না শুধু বলতে পারি ক্রিস্টিয়ানোর নবায়ন প্রক্রিয়াটি ফাইলবন্দি নয়। বাস্তবতার সাথে এটা এক রকম নয় যেমনটা আমরা আজকের অবস্থানে রয়েছি।’
উল্লেখ্য, মাদ্রিদে ১৯৯ খেলায় ২০২ গোল করেছেন পর্তুগিজ খেলোয়াড়টি।
