কর ফাঁকির অভিযোগের বিষয়ে লিওনেল মেসির পাশে দাঁড়ালো তার ক্লাব বার্সেলোনা। গত বৃহস্পতিবার বার্সেলোনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, তারা নিশ্চিত মেসি কোন অপরাধ করেননি।
বার্সেলোনার প্রেসিডেন্ট স্যান্দ্রো রোসেল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা এই ব্যাপারটি নিয়ে মোটেই চিন্তিত নই। তার পরিবারের প্রতিও আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। মেসি নির্দোষ এই ব্যাপারে আমাদের বিন্দুমাত্র সংশয় নেই ।’
রোসেল আরো জানান, তিনি বর্তমানে আর্জেন্টিনায় অবস্থানরত মেসির পরিবারের সাথে কথা বলেছেন। তারা ধীরস্থির রয়েছেন এই অভিযোগে কিন্তু ক্রীড়া বিশ্ব এই খবরে বেশ বড় একটা ধাক্কাই খেয়েছে। তবে যে যাই ভাবুক না কেন, ক্লাবের সবচেয়ে বড় তারকাটির দুর্দিনে ক্লাব তাকে ছাড়বে না বলেই জানালেন রোসেল। রোসেল যোগ করেন, ‘আমি জানি না ন্যায়সঙ্গতভাবে আমরা এখনই এ বিষয়ে মেসির নাম বলতে পারি কিনা, তবে এ বিষয়ে আমরা যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করব। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটি হচ্ছে তাকে জানানো , যে কোন পরিস্থিতিতেই আমরা তার পাশে আছি।’
