নাইজেরিয় ফুটবলারদের না খেলার হুমকি

আপডেট : ১৪ জুন ২০১৩, ২২:০২
নাইজেরিয়ার খেলোয়াড়রা তাদের বোনাস কেটে দেয়ার কারণে ব্রাজিলে শুরু হওয়া কনফেডারেশন কাপে না খেলার হুমকি দিয়েছে। সম্প্রতি নামিবিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের খেলায় ১-১ গোলে ড্র করার কারণে নাইজেরিয় ফুটবল ফেডারেশন (এনএফএফ) বোনাস কেটে দেয়ার সিদ্ধান্ত নেয়। খেলোয়াড়দের প্রত্যেককে তাদের স্বাভাবিক বোনাস পাঁচ হাজার ডলারের অর্ধেক নিতে বলে এনএফএফ। এ কারণেই অনুশীলন ক্যাম্পে বিদ্রোহ দেখা দেয়। ফেডারেশনটি এর আগে জয়ের জন্য ১০ হাজার এবং ড্রয়ের ক্ষেত্রে পাঁচ হাজার ডলার দেবে বলে জানিয়েছিল। এছাড়াও সাবেক খেলোয়াড় এবং দলটির সহকারী কোচ সিলভ্যনাস ওকপালা এবং কোচিং স্টাফদের প্রতি কর্তৃপক্ষের আচরণের জন্যও অসন্তোষ আছে। আর্থিক সংকটের মধ্যে থাকা এনএফএফ আফ্রিকান কাপে বেশি ব্যয়ের কারণে বর্তমানে খরচ কমানোর চেষ্টা চালাচ্ছে। এ কারণে দলটির সাথে কর্মরতদের সংখ্যা ১৭ থেকে ৯-এ নামিয়ে আনা হয়। নাইজেরিয়া দলের বৃহস্পতিবার ব্রাজিলের বিমানে ওঠার কথা ছিল। কিন্তু খেলোয়াড়রা বিমানে ওঠেননি। ধারণা করা হচ্ছে তারা আগামীকাল রবিবার পৌঁছাবেন এবং টুর্নামেন্টটিতে খেলার বাধ্যবাধকতা পূর্ণ করবেন। সুপার ইগল নামে অভিহিত নাইজেরিয়া কনফেডারেশন কাপে সোমবার তাহিতির বিরুদ্ধে নিজেদের প্রথম খেলায় অংশ নেবে।