যশোরে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

আপডেট : ১৫ জুন ২০১৩, ১৯:২৯
সম্প্রতি যশোরে অনুষ্ঠিত হয়ে গেল ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। কেবল তথ্যপ্রযুক্তির ব্যবহারের প্রদর্শনী নয়, বরং হাতে-কলমে তথ্যপ্রযুক্তির সেবা ব্যবহারের সুযোগ করে দিতেই দেশের প্রথম ডিজিটাল জেলায় এই উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়। জাতীয় বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ড. সৈয়দ এ সামাদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। মেলা উদ্বোধনপূর্ব আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান, যুক্তরাষ্ট্রের ইনোভিশন ডিভাইন সিস্টেমের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর দেওয়ান এবং যশোর পুলিশ সুপার জয়দেব ভদ্র। মেলার উদ্বোধনী দিনে ‘ই লার্নিং:শিক্ষার উত্কর্ষতায় প্রযুক্তি’ শীর্ষক একটি সেমনাির অনুষ্ঠিত হয়। তিন দিনের এই মেলায় ‘নাগরিক সেবায় ডিজিটাল যশোর’ এবং ‘লার্নিং অ্যান্ড আর্নিং:সম্ভাবনাময় কর্মসংস্থান’ শীর্ষক আরও দুইটি সেমিনার অনুষ্ঠিত হয়। মেলাতে যশোর জেলায় ই সেবায় অবদান রাখায় ১০টি ক্যাটাগরিতে ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। তিন দিনের এই মেলায় যশোর এবং আশেপাশের জেলার অধিবাসীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষণীয়।