রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ নাকচ সিরিয়ার

আপডেট : ১৫ জুন ২০১৩, ২১:১৭
সিরিয়ার সরকারি বাহিনী রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ ভুয়া ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছে সিরিয়া ও তার মিত্র দেশ রাশিয়া। এরই মধ্যে সিরিয়ায় সীমিত আকারে ‘উড্ডয়ন-নিষিদ্ধ এলাকা’ প্রতিষ্ঠার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বাসার আল-আসাদের সরকারি বাহিনী বিদ্রোহীদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বৃহস্পতিবার এ কথা জানিয়ে হোয়াইট হাইস সিরিয়ার বিদ্রোহীদেরকে সরাসরি অস্ত্র সহায়তার প্রস্তাব দেয়। প্রেসিডেন্ট বারাক ওবামার এই সিদ্ধান্তকে সিরিয়ার প্রধান বিদ্রোহী গোষ্ঠী স্বাগত জানালেও এর কড়া সমালোচনা করেছে আসাদ সরকার। শুক্রবার সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, রাসায়নিক অস্ত্র ব্যবহার সম্পর্কে হোয়াইট হাউস থেকে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং বানানো তথ্যের ওপর ভিত্তি করে করা হয়েছে। সিরিয়ার মিত্র দেশ রাশিয়াও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপনের অভিযোগ করেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উসাকভ সাংবাদিকদের বলেন, মার্কিন কর্মকর্তারা এ বিষয়ে যে তথ্য দিয়েছে তা যৌক্তিক নয়। তিনি যুক্তরাষ্ট্রকে দ্বিতীয়বার ইরাকের মতো আরেকটি ভুল না করার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এদিকে সিরিয়ায় সীমিত আকারে ‘উড্ডয়ন-নিষিদ্ধ এলাকা’ প্রতিষ্ঠার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। তুরস্কে নিযুক্ত দুই পশ্চিমা কূটনীতিক শুক্রবার এ খবর দিয়েছেন। পশ্চিমা কূটনীতিকদের একজন জানান, বিরোধীদের সহায়তার জন্য যুক্তরাষ্ট্র ‘উড্ডয়ন-নিষিদ্ধ এলাকা’ প্রতিষ্ঠা করবে। এটা খুব সম্ভবত জর্ডান সীমান্তের কাছে হবে।