কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনাকে গোল নৈপুণ্যে পেছনে ঠেলে দিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার বর্তমান অধিনায়ক মেসি ইনজুরি কাটিয়ে প্রথম একাদশে সুযোগ পেয়েই হ্যাটট্রিক নৈপুণ্য দেখিয়ে ফিরে এলেন পুরনো রূপে। তার এ হ্যাটট্রিকে গুয়েতেমালার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গত শুক্রবার সন্ধ্যায় ৪-০ গোলের জয় পায় আর্জেন্টিনা। গোল তিনটি দিয়েই শুধু ম্যারাডোনাকেই ছাড়িয়ে যাননি তিনি, এসে দাঁড়িয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি গোল করাদের কাতারে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে। সবার উপরে আছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা।
চার বারের বর্ষসেরা তারকা ফুটবলারের সময়টা কিছুদিন ধরে ভাল যাচ্ছিল না। একদিকে হ্যামস্ট্রিং ইনজুরির জন্য প্রথম একাদশে জায়গা পাচ্ছিলেন না। এর সাথে মাঠের বাইরেও প্রথমবারের মতো তাকে নিয়ে দেখা দেয় বিতর্ক। স্পেনে ওঠা কর ফাঁকির অভিযোগ নিয়েই মাঠে নামেন তিনি এবং সুযোগ পেয়েই জ্বলে উঠলেন মেসি। আর্জেন্টিনার হয়ে ৯১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ডিয়েগো ম্যারাডোনা করেছিলেন ৩৪টি গোল। আর গত শুক্রবার পর্যন্ত ৮২টি ম্যাচ খেলে মেসির গোল সংখ্যা এখন ৩৫। ২৫ বছর বয়সী এই তারকার পাশে আছেন আরেক সাবেক স্ট্রাইকার হার্নান ক্রেসপো। জাতীয় দলের জার্সি গায়ে সবচেয়ে বেশি গোলদাতাদের তালিকায় এখন দ্বিতীয় অবস্থানে আছেন বার্সা তারকা মেসি। তার থেকে ২১ গোল এগিয়ে থেকে প্রথম স্থানটি ধরে রেখেছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা। ৭৮ ম্যাচে ৫৬ বার বিপক্ষের জালে বল গড়িয়েছেন ‘বাতিগোল’। যদিও ম্যাচের পর ম্যারাডোনাকে ছাড়িয়ে যাওয়ার ঘটনাকে খুব বড় করে দেখতে চাইলেন না মেসি, ‘এটা গুরুত্বপূর্ণ কোন ঘটনা নয়। প্রীতি ম্যাচে আমাদের লক্ষ্য ছিল ভাল খেলার। আমি সন্তুষ্ট যে আমরা পরিকল্পনা মতো খেলতে পেরেছি।
আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচ দিয়েই বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়া ও ইকুয়েডরের সাথে মলিন থাকা আর্জেন্টিনা ছন্দ ফিরে পেলো। অনেক খেলোয়াড়ের ক্লান্তি থাকায় কোচ আলেসান্দ্রো সাবেলা দল কিছু পরিবর্তন আনেন। আগের দুই ম্যাচে প্রথম একাদশে সুযোগ না পাওয়া মেসিকে শুরু থেকেই মাঠে দেখা যায়। ইনজুরি কাটিয়ে ফেরার লড়াইয়েও তিনি ভালভাবেই উের গেলেন। প্রথম থেকেই ম্যাচের গতিবিধিতে প্রভাব ফেলতে থাকেন মেসি।
মেসির নৈপুণ্যে এই ম্যাচে আধিপত্ত বিস্তার করে খেলে আর্জেন্টিনা। গুয়েতেমালা সিটিতে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় সফরকারীরা। আলেসান্দ্রো সাবেলা বাহিনীকে প্রথম গোলটি পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১৫ মিনিটেই প্রতিপক্ষ গোলরক্ষক রিকার্ডো জেরেজকে অসহায় করে ৩০ গজ দূর থেকে মেসি আকস্মিক শটে গোল এনে দেন দলকে। অগাস্টা ফার্নান্দেজের করা ৩৫ মিনিটে করা গোলটিতেও মেসির ভূমিকা রয়েছে। মেসির বাড়িয়ে দেয়া বল থেকে হেড থেকে গোল করেন ফার্নান্দেজ। আর্জেন্টিনা ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
৪০ মিনিটে মেসি পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করে। বিরতির পর চতুর্থ মিনিটেই দশ নম্বর জার্সিধারী মেসি হ্যাটট্রিক পূরণ করেন এবং ম্যারাডোনাকে ছাড়িয়ে যান। ৬৮ মিনিট মাঠে থাকেন মেসি। আর্জেন্টিনাও সহজ জয় পেয়ে যায়। দক্ষিণ আমেরিকার দলটি আসন্ন ব্রাজিল বিশকাপের বাছাই পর্বে টানা তিনটি ড্র করার পরেও পয়েন্ট তালিকায় শীর্ষস্থানটি ধরে রেখেছে। আগামী ১৪ আগস্ট নিজেদের ইতালির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
