সিটিতে পেলেগ্রিনি

আপডেট : ১৫ জুন ২০১৩, ২২:০৬
তিন বছরের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে দায়িত্ব পেলেন ইম্যানুয়েল পেলেগ্রিনি। আগামী ২৪ জুন থেকে নতুন কাজে যোগ দিবেন ৫৯ বছর বয়সী এই কোচ। চুক্তি স্বাক্ষরের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছিলেন চিলির এই নাগরিক। জানালেন নতুন দলের হয়ে শিরোপা জয় করতে মুখিয়ে আছেন তিনি। এর আগে স্প্যানিশ ক্লাব মালাগায় কোচের দায়িত্ব পালন করেন পেলেগ্রিনি। গত মে মাসে বাজে পারফরম্যান্সের জের ধরে ম্যানচেস্টার সিটি সাবেক কোচ রবার্তো মানচিনিকে বরখাস্ত করে। নতুন দলের সাথে চুক্তির আনুষ্ঠানিকতা শেষে পেলেগ্রিনি বলেন, ‘সবাই জানে যদি আপনি ম্যানচেস্টার সিটির মত ক্লাবে আসেন তাহলে আপনাকে শিরোপা জিততে হবে। আমি মনে করি ম্যানচেস্টার সিটি প্রচুর অর্থ বিনিয়োগ করছে দলটির উন্নতি করতে। শিরোপা জয়ের চেষ্টা করছে তারা প্রতি বছর।’ সিটিতে পা রেখেই ভাল করার প্রত্যয় জানালেন পেলেগ্রিনি। তিনি বলেন, ‘তারা শিরোপা জয়ে সফল ছিল না কিন্তু আমি নিশ্চিত আমরা হয়তো প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে নেয়ার জন্যই যাবো। আমরা আরো কিছু জয়ের চেষ্টা করব। সমর্থকদের কাছে আমার প্রথম বার্তা হচ্ছে তারা মৌসুমটি উপভোগ করতে পারে। আমি নিশ্চিত আমাদের দল যেমন খেলবে এতে তারা আনন্দ পাবে। আমরা আকর্ষণীয় এবং আক্রমণাত্মক খেলবো।’ দক্ষিণ আমেরিকা এবং স্পেনে পেলেগ্রিনি ২৫ বছরেরও বেশি সময় ধরে কোচের দায়িত্ব পালন করেছেন বিভিন্ন ক্লাবে। তার অধীনে মালাগা এবং ভিলারিয়াল চ্যাম্পিয়ন্স লিগে ভাল ফুটবল খেলে। একটি মৌসুম তিনি রিয়াল মাদ্রিদে ছিলেন। হোসে মরিনহো তার স্থলাভিষিক্ত হলে মালাগাতে চলে যান পেলেগ্রিনি। পেলেগ্রিনি বলেন, ‘মালাগার সাথে থাকার সময় আমি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলাম। ভিলারিয়ালকে সাথে নিয়ে সেমিফাইনাল। এই অভিজ্ঞতা আমাকে সাহায্য করবে।’