সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বেশ ক’দিন ধরেই প্রস্তুতি ম্যাচের কথা বলা হচ্ছিল। সেই প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে থাইল্যান্ডে। এমনটাই জানালেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিন। আগামী ১০ জুলাই থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
সেখানে স্বাগতিক থাইল্যান্ডের সাথে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যদিও ম্যাচের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড আসছে থাইল্যান্ডে। তাই এখন পর্যন্ত সময়সূচি নিশ্চিত করা যায়নি বলে জানালেন বোর্ড সভাপতি। জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ১ জুলাই থেকে। নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে আগামী সেপ্টেম্বরে।
