শেষ চারে ফেদেরার

আপডেট : ১৫ জুন ২০১৩, ২২:০৭
জেরি ওয়েবার ওপেনের পাঁচ বারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার টুর্নামেন্টের চলতি আসরের সেমিফাইনালে পা রেখেছেন। শেষ আটের লড়াইয়ে মিখাইল জেভারেভকে ৬-০, ৬-০ গেমে উড়িয়ে দিয়েছেন তিনি। ফাইনালে ওঠার লড়াইয়ে গতকাল রাতেই বর্ষীয়ান জার্মান তারকা টমি হাসের মুখোমুখি হওয়ার কথা ছিল তার। শীর্ষ তারকাদের প্রায় সবাই অনুপস্থিত থাকায় টুর্নামেন্টের হট ফেভারিট হিসেবে শুরু থেকেই উচ্চারিত হচ্ছে ফেদেরারের নাম। এখনো পর্যন্ত বড় কোন চ্যালেঞ্জের মুখোমুখি হতে না হওয়ায় বেশ স্বচ্ছন্দেই এগিয়ে চলেছে এই সুইস সুপারস্টারের যাত্রা। গত শনিবারের ম্যাচে ফেদেরার কোন পয়েন্ট না খুইয়েই উড়িয়ে দেন স্বাগতিক দেশের জেভারেভকে। তবে শেষ চারের লড়াইটা হয়তো এতটা সহজ হবে না তার জন্য। কারণ তার সেমিফাইনাল প্রতিপক্ষ টুর্নামেন্টের তৃতীয় বাছাই হাসও আছেন দারুণ ফর্মে। ৩৫ বছর বয়সী এই জার্মান গত শনিবার ৬-৭ (৪-৭), ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন ফ্রান্সের গায়েল মনফিলসকে। অন্য সেমিফাইনালে দ্বিতীয় বাছাই রিচার্ড গ্যাসকুয়েট মুখোমুখি হবেন রাশিয়ার মিখাইল ইয়ুঝনিকের। স্বাগতিক দেশের ফিলিপ কোলস্ক্রেইবারকে কোয়ার্টার ফাইনালে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে চমক দিয়েই চলেছেন ইয়ুঝনি। এর আগে দ্বিতীয় রাউন্ডে টুর্নামেন্টের চতুর্থ বাছাই কেই নিশিকরিকে হারিয়েছিলেন তিনি। আর অন্য কোয়ার্টার ফাইনালে গ্যাসকুয়েট ৬-৩, ৭-৬ (৭-৪) গেমে হারিয়েছেন জার্মানির ফ্লোরিয়ান মেয়ারকে।